কংগ্রেস নেতার এক দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করায় কংগ্রেসের নেতা ও সাবেক বিধায়ক অরুণাভ ঘোষকে এক দিনের কারাদণ্ড দিয়েছে রাজ্য বিধানসভা।

গত ৯ জুলাই কলকাতার একটি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে ওই কটূক্তি করেছিলেন অরুণাভ। এর জের ধরে আজ মঙ্গলবার তাঁকে এক দিনের কারাদণ্ড দিয়েছে রাজ্য বিধানসভা।

এর আগে আপত্তিকর মন্তব্যের জন্য অরুণাভকে বিধানসভায় শাস্তি দেওয়ার দাবি তোলেন সরকারি দলের চিফ হুইপ শোভন দেব চট্টোপাধ্যায়। পরে বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটি তাঁকে শাস্তি দেওয়ার সুপারিশ করে।

আজ অরুণাভকে বিধানসভায় ডেকে পাঠানো হয়। বিচারের জন্য তাঁকে তোলা হয় বিধানসভায় তৈরি বিশেষ কাঠগড়ায়। তারপর শোনানো হয় রায়। পরে তাঁকে দোতলায় তৈরি বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি আত্মপক্ষ সমর্থনের অনুমতি চাইলেও তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। এ ঘটনার পর কংগ্রেসের বিধায়কেরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন।

এদিকে অরুণাভ জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করবেন।