কংগ্রেস পার্টির সহসভাপতি হলেন রাহুল গান্ধী
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সহসভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হয়েছে। জয়পুরে দলের চিন্তন শিবিরের পাশাপাশি অনুষ্ঠিত কার্যকরী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগামী লোকসভা নির্বাচনে রাহুলের কী ভূমিকা থাকবে, সে বিষয়ে দল এখনো সিদ্ধান্ত নেয়নি। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কংগ্রেস পার্টির কার্যকরী কমিটির বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি রাহুল গান্ধীকে দলের সহসভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি শীর্ষ নীতিনির্ধারকেরা সমর্থন করেন। এর মধ্য দিয়ে দলে রাহুলের বড় ভূমিকা রাখার ব্যাপারে যে গুঞ্জন চলছিল তার অবসান এবং দলের ভারপ্রাপ্ত সভাপতি অথবা প্রধান সাধারণ সম্পাদক হিসেবে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি আরও স্পষ্ট হলো। তবে অনেকেই মনে করছেন, আগামী নির্বাচনেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী হতে পারেন।দলের প্রধান মুখপাত্র জনার্দন দ্বিবেদি গতকাল সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে রাহুলের কী ভূমিকা থাকবে এবং নির্বাচনী প্রচারণায় তিনি নেতৃত্ব দেবেন কিনা, সে বিষয়ে দল পরে সিদ্ধান্ত নেবে। দ্বিবেদি বলেন, এ সিদ্ধান্ত কংগ্রেস পার্টি ও এর সভাপতির (রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী) হাতকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে কংগ্রেস পার্টির লাখো তরুণ কর্মী উজ্জীবিত হবেন। ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। গতকাল শনিবার দলের চিন্তন শিবিরে বিষয়টি আরও জোরালো হয়েছে।জাতীয় কংগ্রেসের চিন্তন শিবিরের দ্বিতীয় দিন গতকাল ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিনদিয়া, রাজীব শুক্লা, ভিপ্রাপ্পা মৈলী, জিতিন প্রসাদ ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মণিশংকর আইয়ার রাহুলকে বড় ধরনের দায়িত্ব দেওয়ার পক্ষে কথা বলেন। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের বিপুল তরুণ জনগোষ্ঠীর দাবির প্রতি সাড়া দিয়ে রাহুলকে নেতা করার প্রস্তাব করেন তাঁরা। দ্য হিন্দু ও পিটিআই।