কংগ্রেস-বিজেপি কেউই সরকার গড়ার ভোট পাবে না: জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস বা বিজেপির নেতৃত্বাধীন কোনো জোটই এবার সরকার গড়ার মতো আসন পাবে না। এবার আসন ভারী হবে আঞ্চলিক দলগুলোর। টাইমস নাউ এবং সি-ভোটারের এক জরিপে এমন চিত্র ফুটে উঠেছে। আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে এই তথ্য।

জরিপের ফলে বলা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) ১৩৬টি আসন পেতে পারে। এর মধ্যে কংগ্রেসের একার ঝুলিতে যাবে ১১৯টি আসন। সর্বশেষ ২০০৯ সালের নির্বাচনে ইউপিএ পেয়েছিল ২২৮ আসন। আর কংগ্রেসের একার ঝুলিতে গিয়েছিল ২০৬টি।

পক্ষান্তরে এবার বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) পেতে পারে ১৫৬টি আসন। এর মধ্যে বিজেপি একা ১৩১টি আসন পেতে পারে বলে জরিপে বলা হয়েছে। গত নির্বাচনে এনডিএ পেয়েছিল ১৩২ আসন। বিজেপির একার ছিল ১১৬ আসন।

জরিপে বলা হয়েছে, তবে তৃতীয় শক্তি হিসেবে সমাজবাদী পার্টি (৩৩), বামদল (৩৩), বিজেডি (১২), সংযুক্ত জনতা দল (১১), তেলেগু দেশম পার্টি (৯), রাষ্ট্রীয় জনতা দল (১২), ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (২), ডিএমকে (৫), আসাম গণপরিষদ (২) এবং ধর্মনিরপেক্ষ জনতা দল (৩) মিলে ১২৯টি আসন পেতে পারে।

আবার চতুর্থ শক্তি হিসাবে তৃণমূল কংগ্রেস (২২), এআইএডিএমকে (২৯), বহুজন সমাজ পার্টি (২৮), ইএসআর কংগ্রেস (১৪), তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (১১), ডিএমডিকে (২) এবং এমএনএস (৩) মিলে জিততে পারে ১২২টি আসনে।

জরিপে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টির মধ্যে তৃণমূল কংগ্রেস জিততে পারে ২২টি আসন। বামফ্রন্ট পেতে পারে ১৭ আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে দুটি এবং এসইউসিআই পেতে পারে একটি আসন। গত ২০০৯ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ১৯ আসন। বামফ্রন্ট পেয়েছিল ১৫ আসন। কংগ্রেস ছয়টি, বিজেপি একটি এবং তৃণমূল-সমর্থিত এসইউসিআই পেয়েছিল একটি আসন।