কংগ্রেস-বিজেপি মিলেও ২৭৩ আসন পাবে না: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কংগ্রেস ও বিজেপি মিলেও ২৭৩ আসন পাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল রোববার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে মমতা বলেন, ‘গণনার দিন দেখবেন কংগ্রেস ও বিজেপির মোট আসন যোগ করলেও ২৭৩ আসনে পৌঁছাবে না।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির এমন এক নেতা প্রধানমন্ত্রী হতে চাইছেন, যাঁর হাতে লেগে আছে দাঙ্গার বলি নিরীহ মানুষের রক্ত।
তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, আগামীতে সরকার গড়বে ফেডারেল ফ্রন্টই। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি ফেডারেল ফ্রন্ট, মমতাই এই ফেডারেল ফ্রন্টের প্রবক্তা। তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর গড়ে উঠবে ফেডারেল ফ্রন্ট।
মোদিকে বাদ দিয়ে বিজেপি অন্য কাউকে প্রধানমন্ত্রী করে সরকার গড়লে এতে সমর্থন দেবেন কি না—সাংবাদিকেরা জানতে চাইলে মমতা বলেন, অনেক যদির উত্তর তো ঢুকে আছে তাঁর জবাবে। সরকার গড়বে ফেডারেল ফ্রন্ট।
মমতা বলেন, এত দিন ধারণা ছিল তাঁর দল ৩৫-৩৬টি আসনে জিতবে, এখন দেখা যাচ্ছে ৪২টি আসনে জিতলেও অবাক হওয়ার কারণ থাকবে না।
সরকার গড়তে হলে চাই ২৭৩টি আসন। এই লক্ষ্য নিয়েই এখন নির্বাচনের ময়দানে দুই বৃহত্ জোট কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ বা সংযুক্ত প্রগতিশীল মোর্চা। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চা। কারা গড়বে সরকার—তা নিয়ে এখন রাজনৈতিক মহলে বিতর্কের অভাব নেই। বিজেপি দাবি করেছে, এবার তারাই গড়বে সরকার। কংগ্রেসও বলছে, তারাই গড়বে পরবর্তী সরকার।