কংগ্রেস মমতাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কঠোর সমালোচনা করেছে কংগ্রেস। ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করে তাঁর বিরুদ্ধে আন্দোলনেরও ডাক দিয়েছে দলটি। গত বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মধ্যে বৈঠককালে কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দুজনের নাম প্রস্তাব করা হয়। কিন্তু কংগ্রেসের শরিক হয়েও মমতা সোনিয়ার প্রস্তাবিত নাম প্রত্যাখ্যান করে তিনি নতুন তিনজনের নামের প্রস্তাব দেন। গতকাল বৃহস্পতিবার সোনিয়ার বাসভবনে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠক শেষে দলের মুখপাত্র জনার্দন ত্রিবেদি জানিয়ে দেন, কংগ্রেসও মমতার প্রস্তাবিত তিনটি নামই খারিজ করে দিয়েছে। মমতার ভূমিকায় ভীষণ ক্ষুব্ধ কংগ্রেস। তাঁকে উদ্দেশ করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘যাঁর কোনো সৌজন্যবোধ নেই তাঁর সঙ্গে সম্পর্ক না রাখাই শ্রেয়।’ কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘মমতা বিশ্বাসঘাতক। ব্যক্তিগত বিদ্বেষ চরিতার্থ করার জন্যই ওই কাজ করেছেন তিনি।’