নির্বাচনে বিপর্যয়ের নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগের প্রস্তাব করেছেন ভারতের উত্তর প্রদেশের কংগ্রেসপ্রধান রিতা বহুগুনা যোশি। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব করেন তিনি।ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, উত্তর প্রদেশে বিজয়ী মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির (এসপি) পক্ষ থেকে তাঁর ছেলেঅখিলেশ যাদবকে রাজ্যের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়াদিল্লিতে সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কর্মীদের উদ্দেশে যোশি বলেন, রাজ্যের প্রধান হিসেবে দলের ভরাডুবির দায়িত্ব তাঁর ঘাড়েই বর্তায়। তাই ব্যর্থতার দায়িত্ব স্বীকার করে তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়াতে চান। বিষয়টি তিনি সোনিয়া গান্ধীকে জানিয়ে দিয়েছেন।উত্তর প্রদেশে গত মঙ্গলবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের ভরাডুবির কারণ কী, এমন প্রশ্নের জবাবে যোশি বলেন, বিষয়টি নিয়ে দলের শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করবেন। তখন এর বিচার-বিশ্লেষণ করা হবে। নানা দিক খতিয়ে দেখা হবে। গত বৃহস্পতিবার যোশি বলেন, রাজ্যে দল এখন সংকটের মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে ভোটে পরাজয়ের দায়িত্ব কারও একার ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এ জন্য দলের প্রত্যেক নেতা-কর্মীরই কিছু না কিছু ভূমিকা রয়েছে। ভোটের ফলাফল প্রকাশের দিন উত্তর প্রদেশে পার্টির সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং বলেন, বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। দলের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ইতিমধ্যে উত্তর প্রদেশে কংগ্রেস দলের খারাপ ফলাফলের দায় স্বীকার করেছেন। তিনি মঙ্গলবারই সাংবাদিকদের বলেন, ‘আমি যেহেতু দলের সামনে দাঁড়িয়ে আছি, এই খারাপ ফলাফলের দায়দায়িত্ব আমারই। তবে এটা পরিষ্কার যে উত্তর প্রদেশে যেখানে আমাদের থাকার কথা, সাংগঠনিকভাবে আমরা সেখানে নেই। আমি মনে করি, এটি আমার জন্য একটি উত্তম শিক্ষা।’কংগ্রেসের নেতারা রাহুলকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করেন। উত্তর প্রদেশে মূলত রাহুলের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা চালায় কংগ্রেস। ওই রাজ্যে ক্ষমতাসীন বহুজন সমাজ পার্টির (বিএসপি) পতন হয়েছে। এতে ‘দলিত রানি’ বলে পরিচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতীর বিদায়ঘণ্টা বেজে গেছে। অপরদিকে রাজ্যে ক্ষমতায় আসার উৎসবে মেতেছেন মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির (এসপি) নেতা-কর্মী ও সমর্থকেরা।গতকাল মুলায়ম সিং যাদব বলেছেন, সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এমনকি দলীয় কর্মী হলেও তাঁদের ছাড় দেওয়া হবে না। পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) সঙ্গে গতকাল বৈঠক শেষে এসব কথা বলেন মুলায়ম। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে এসপির নেতা অখিলেশ যাদব বলেন, এটি একটি ষড়যন্ত্র। তাঁদের দলের সুনাম ক্ষুণ্ন করতে তা করা হয়েছে। তাঁদের দলের কোনো নেতা-কর্মী এমনকি সমর্থক এই সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। এর পরও যদি দলের কোনো নেতা-কর্মী বা সমর্থকের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতার সমালোচনা করেন তিনি। পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া।