কংগ্রেসে অন্তহীন অসন্তোষ
ভোট বিপর্যয়ের পর রাজ্যে রাজ্যে কংগ্রেস দলে বিদ্রোহের পাশাপাশি নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন স্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে প্রশ্নটির উত্তর এই মুহূর্তে শীর্ষ নেতারা খুঁজতে ব্যস্ত, তা রাহুল গান্ধীকে কেন্দ্র করে। কেন তাঁকে লোকসভায় সংসদীয় দলের নেতা নির্বাচন করা হলো না, সেই বিস্ময় নেতাদের মনে ঘুরপাক খাচ্ছে।
সোমবার সন্ধ্যায় লোকসভায় কংগ্রেসের নেতা হিসেবে নাম ঘোষিত হলো কর্ণাটকের গুলবার্গ কেন্দ্র থেকে নির্বাচিত সাবেক রেলমন্ত্রী মল্লিকার্জুন খারগের। অথচ প্রত্যাশা ছিল রাহুলকে ঘিরে। কিন্তু রাহুল এবারও চ্যালেঞ্জ নিলেন না।
মল্লিকার্জুন গুলবার্গ থেকে একটানা নয়বার বিধানসভায় ও দুবার লোকসভায় জিতলেও কংগ্রেসের রাজনীতিতে তিনি কখনোই সেই অর্থে আলোচিত হননি। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও তাঁকে হারতে হয়েছিল সিদ্ধারামাইয়ার কাছে। খারগেকে নেতা বানানোর দাবিটা বেশি ওঠে কর্ণাটকের সাংসদদের কাছ থেকেই। যুক্তি, ওই রাজ্য থেকে কংগ্রেস সবচেয়ে বেশি নয়টি আসন পেয়েছে। সেই দাবি সোনিয়া অগ্রাহ্য করলেন না। তাই সবচেয়ে বেশিবার লোকসভায় জিতলেও কমলনাথের ভাগ্যে নেতা হওয়ার শিকে ছিঁড়ল না। দলের একাংশ মনে করছে, খারগের বদলে কমলনাথ নেতা হিসেবে অনেক যোগ্য ছিলেন।
কিন্তু রাহুল কেন দায়িত্ব নিলেন না? এই প্রশ্নের কোনো সদুত্তর কংগ্রেসের কেউ আনুষ্ঠানিকভাবে দেননি। দলের ওয়ার্কিং কমিটির এক শীর্ষ নেতা প্রথম আলোকে বলেন, ‘রাহুল সংগঠনকে জোরদার করবেন বলে সংসদীয় এই দায়িত্ব নিলেন না।’ ঘটনা হলো, ১০ বছর ধরে রাহুল দলের দায়িত্বই পালন করছেন। দারুণ কিছু করে দেখাতে পারেননি। এবারের নির্বাচনের পর মনোবল ভেঙে যাওয়া সাংসদদের অধিকাংশই চাইছিলেন, সংকটে দায়িত্ব নিয়ে রাহুল এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করুন।
রাহুল কেন পিছিয়ে গেলেন? কংগ্রেস মহলে একটা ব্যাখ্যা শোনা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, কংগ্রেসকে প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়া হবে কি না সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। সে ক্ষেত্রে সেটা রাহুলের পক্ষে অসম্মানজনক হতো। ওই নেতা বলেন, লোকসভায় দলের নেতা না হয়ে রাহুল কিন্তু প্রমাণ করলেন তিনি ‘ফাইটার’ নন।
নির্বাচনী বিপর্যয়ের পর কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট দিন দিন বেড়েই চলেছে। কেরালার প্রবীণ নেতা টি এইচ মুস্তাফা প্রথমে রাহুলকে ‘জোকার’ আখ্যা দেন। তাঁকে সমর্থন করেন রাজস্থানের আরেক প্রবীণ নেতা ভাঁওয়ারলাল শর্মা। দুজনকেই দল থেকে বহিষ্কার করা হয়। এর ঠিক আগেই সোনিয়া গান্ধী সবাইকে অনুরোধ করেছিলেন, তাঁরা যেন প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা না করেন। সেই আবেদন বা নির্দেশে কান না দিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। এত দিন সমালোচিত হচ্ছিলেন রাহুল, এবার হলেন সোনিয়াও। কংগ্রেসের প্রবীণ নেতা সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং সোমবার বলেছেন, ‘দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি একজন আদ্যন্ত সাম্প্রদায়িক লোক।’ এই বুখারির সঙ্গে সোনিয়া গত এপ্রিল মাসে দেখা করার পর তিনি কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মুসলমানদের৷ দিগ্বিজয়ের এই মন্তব্য বিহারের কংগ্রেস সাংসদ আনসারুল হকের কথারই প্রতিধ্বনি। আনসারুল বলেছেন, বুখারির সঙ্গে সোনিয়ার বৈঠকটা না হলেই ভালো হতো। কংগ্রেসের হয়ে একটা সম্প্রদায়কে ভোট দেওয়ার আবেদন জানানোটা ছিল ভুল সিদ্ধান্ত।
দিগ্বিজয় ‘রাহুল ব্রিগেডের’ নেতা। তিনিও সোনিয়ার সমালোচনায় মুখর। সোনিয়ার আর এক ঘনিষ্ঠ সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কুমারী সেলজাও প্রকাশ্যে হরিয়ানার কংগ্রেস মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডার সমালোচনা করে বলেছেন, মুখ্যমন্ত্রী একাই দলটাকে ডুবিয়েছেন। সোনিয়াকে উপেক্ষা করেছেন মহারাষ্ট্রের নেতা নারায়ণ রানেও। তিনি লম্বা এক চিঠি লিখেছেন। লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান। বিক্ষোভ চলছে আসামেও। মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বিরুদ্ধে রাজ্যের ৪৫ জন বিধায়ক একজোট হয়েছেন। পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির ডাকা বৈঠকে সোমবার হাতাহাতি হয়েছে। সব মিলিয়ে কংগ্রেসে অশান্তি মেটার কোনো লক্ষণ নেই। লোকসভায় হাল ধরে রাহুল প্রকৃত বিরোধী নেতার ভূমিকা পালন করবেন বলে যাঁরা মনে করছিলেন, তাঁরাও এখন আশাহত।