কংগ্রেসে কি এবার ভিন্ন পরিস্থিতি দেখা যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসে অধিকাংশ ইস্যুতেই ভোটাভুটির ক্ষেত্রে দেখা যায়, দলীয় অবস্থানের পক্ষেই ভোট দেন আইনপ্রণেতারা। তবে এবার সিরিয়া ইস্যুতে ভিন্ন পরিস্থিতি দেখা দিতে পারে কংগ্রেসে। অভিজ্ঞ আইনপ্রণেতারা সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনাকে সমর্থন জানালেও অনেক নবীন আইনপ্রণেতা তাঁর বিরুদ্ধে অবস্থান নিতে পারেন।
চলতি বছরের শুরুর দিকেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মার্কিন নজরদারির আওতা কমিয়ে আনা-সংক্রান্ত একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস করাতে ব্যর্থ হয় ওবামা প্রশাসন। তবে ওই প্রস্তাবের পক্ষে টি পার্টি, লিবার্টারিয়ান ও ডেমোক্রেটিক লিবারেল বলে পরিচিত মার্কিন আইনপ্রণেতাদের সমর্থন ছিল উল্লেখ করার মতো।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির নেতারা গত মঙ্গলবার সিরিয়া অভিযানের পক্ষে সমর্থন দেওয়ার বিষয়ে প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন। তবে নাম প্রকাশ না করার শর্তে রিপাবলিকান নেতা ও প্রতিনিধি পরিষদের একজন সদস্য জানান, টি পার্টি-সমর্থিত অধিকাংশ রিপাবলিকান আইনপ্রণেতা কংগ্রেসে উত্থাপিত কোনো প্রস্তাবের পক্ষে সমর্থন দেবেন না। এ ধরনের অন্তত ৫০ জন আইনপ্রণেতা আছেন। ওই আইনপ্রণেতা বলেন, আসলে আক্রমণের শিকার না হলে কোনো সামরিক অভিযানে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের উচিত নয়।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা বরাবর ওবামার নীতিতে সমর্থন দেন। কিন্তু খসড়া এক হিসাবে দেখা যায়, প্রতিনিধি পরিষদে ৩০ থেকে ৩৫ জন এবং সিনেটে চার থেকে পাঁচজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা সিরিয়ায় সামরিক অভিযানের বিরোধী। তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে অভিযানের বিরোধিতা করে বিবৃতিও দিয়েছেন। তাঁদের মধ্যে ইলিনয় থেকে নির্বাচিত আইনপ্রণেতা ট্যামি ডাকওয়ার্থ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার মনে হবে না যে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, ততক্ষণ পর্যন্ত আমি অভিযানের প্রস্তাবের পক্ষে ভোট দেব না। যুক্তরাষ্ট্রের এককভাবে কোনো বোঝা মাথায় নেওয়া উচিত নয়।’
আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের নর্ম অর্নস্টেইন বলেন, ‘কংগ্রেসের ভোটাভুটিতে আমরা যুদ্ধবিরোধী উল্লেখ্যযোগ্যসংখ্যক আইনপ্রণেতা দেখতে পাব।’
তবে মার্কিন অভিযানের পক্ষেও অনেকে আছেন। দুই দলের কংগ্রেস নেতাদের কাছ থেকে অভিযানের বিষয়ে সমর্থনের ব্যাপারে সায় পেয়েছেন ওবামা। রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতা জন ম্যাককেইনের মতো অনেকেই সিরিয়ায় অভিযানের পক্ষে।
তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্লেষকেরা বলছেন, সিরিয়া ইস্যুতে সম্ভবত দলীয় অবস্থানের কথা বিবেচনায় নেবেন না আইনপ্রণেতারা। এর প্রতিফলনই ঘটতে যাচ্ছে কংগ্রেসে।