কংগ্রেসে কোন্দল চরমে, পাঞ্জাবে মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা আজ
ভোটের ঠিক আগে পাঞ্জাব কংগ্রেসের কোন্দল কোন দিকে বাঁক নেবে, রোববার তা স্পষ্টতর হবে। ভোটে জিতলে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের তা ঘোষণা করার কথা। দলীয় সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত পাল্লা ভারী বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির।
এমনিতে কংগ্রেস নেতৃত্ব ঠিক করেছিল, ভোটের পর পরিষদীয় দলের সদস্যদের মতামত নিয়ে মুখ্যমন্ত্রী বাছাই করা হবে। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা গান্ধীও তেমনই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে দিয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ‘মানুষের রায়’ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী পদে ভগবন্ত সিং মানের নাম ঘোষণা করেন। সেই থেকে কংগ্রেসের চাপ বেড়েছে। মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু। তিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে ভোটে লড়ার জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছেন শীর্ষ নেতৃত্বের ওপর। ‘আপ’–এর দেখাদেখি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বাধ্য হয়েছেন ‘জনতার রায়’ নিয়ে ভাবী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায়। সে জন্য দলের পক্ষ থেকে ফোনে মতামত নেওয়া হচ্ছে কয়েক দিন ধরে। আজ জনতার সেই রায় প্রকাশ করার কথা। এর আগে নতুন চাপ সৃষ্টি করেছেন সিধু।
তিনি যে মুখ্যমন্ত্রী হতে চান, সিধু তা কখনো গোপন করেননি। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার সময় থেকেই সেই ইচ্ছা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তাঁকে সামলাতে হিমশিম খেতে হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে। শেষ পর্যন্ত সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা বেছে নেন চরণজিৎ সিং চান্নিকে। রাজ্যের ৩৩ শতাংশ মানুষ দলিত হলেও কখনো কোনো দলিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে পারেননি। সেই হিসেবে চান্নিকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস দুর্দান্ত এক চাল চেলেছিল। কিন্তু তা সত্ত্বেও চান্নিই যে আরও একবার মুখ্যমন্ত্রী হবেন, দল তা জানায়নি সম্ভাব্য বিরোধিতা ও ভোটের আগে আরও একবার দলে ভাঙনের শঙ্কায়। কিন্তু আপ মুখ্যমন্ত্রী হিসেবে দলিত ভগবন্ত সিং মানকে বেছে নেওয়ায় কংগ্রেস রাজনৈতিক চাপে পড়ে যায়। সেই চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন সিধু। আগেই তিনি বলেছেন, দিল্লির নেতারা দুর্বল কাউকে মুখ্যমন্ত্রী দেখতে চান, যাতে তিনি নেতাদের কথায় উঠতে-বসতে পারেন। গত শুক্রবার সিধু বলেন, মুখ্যমন্ত্রী হওয়া উচিত এমন একজনের, যিনি ‘সৎ এবং যাঁর অতীত কলঙ্কশূন্য’। সিধু এই সততার বিষয়টি তোলেন চান্নির ভাতিজাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পরপরই।
শুধু সিধুই নন, মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হিন্দু নেতা সুনীল জাখরও। সুনীলের বাবা বলরাম জাখর কংগ্রেস জমানায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। লোকসভার স্পিকারও হয়েছিলেন। পাঞ্জাব রাজনীতির অলিখিত নিয়ম অনুযায়ী সব সময় শিখেরাই মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন। সেই কারণে বলরাম জাখর যেমন মুখ্যমন্ত্রী হতে পারেননি, তেমনই তাঁর পুত্র সুনীলও মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন না। সম্প্রতি সুনীল নিজেই এক সাক্ষাৎকারে তা স্পষ্ট করে বলেছেন, অমরিন্দর সিংয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে অধিকাংশ বিধায়কের পছন্দ ছিলেন তিনিই। তবু তাঁকে সেই সম্মান দেওয়া হয়নি।
দলিত চান্নিকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে না ধরলে দলিত ভোট পুরোটাই আপ পেয়ে যাবে বলে কংগ্রেস মনে করছে। পাশাপাশি চান্নিকে বেছে নিলে সিধুর দিক থেকে অসহযোগিতাও অবশ্যম্ভাবী। পাঞ্জাবের ভোটে প্রচারে যাঁরা মুখ্য ভূমিকা নেবেন, তাঁদের মধ্যে মনমোহন সিং, সোনিয়া ও রাহুল গান্ধী থাকলেও রাজ্য থেকে নির্বাচিত লোকসভা সদস্য মনীশ তিওয়ারির নাম নেই। প্রচারে ডাকা হচ্ছে না গুলাম নবী আজাদকেও। অসন্তুষ্ট মনীশ টুইট করে বলেছেন, এটাই প্রত্যাশিত ছিল।
পাঞ্জাবে ভোট ২০ ফেব্রুয়ারি। পরিস্থিতি যা, তাতে এই রাজ্য কংগ্রেস ধরে রাখতে পারবে কি না, সেই সংশয় বেড়ে চলেছে। কংগ্রেস পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখতে না পারলে তারা নিজেরাই দায়ী থাকবে।