কংগ্রেসে যোগ দিতে পারেন তৃণমূলের ১২ সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ১২ জন সাংসদ কংগ্রেসে যোগ দিতে পারেন। এ তালিকায় আছেন সাংসদ ও সংগীতশিল্পী কবীর সুমনও। এ ছাড়া রাজ্য তৃণমূলের ৭৫ জন বিধায়কও কংগ্রেসে যোগ দেওয়ার কথা ভাবছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৃণমূল কংগ্রেসের বেশ কজন শীর্ষস্থানীয় নেতার রাজনৈতিক কর্মকাণ্ডে সম্প্রতি তাঁদের ওপর চটেছেন দলের বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক। তাঁদের অনেকেই এখন চুপ হয়ে আছেন। কোনো রাজনৈতিক তত্পরতায়ও তাঁদের দেখা যাচ্ছে না। ইতিমধ্যে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন সাংসদ কবীর সুমন ও বিধায়ক শিখা মিত্র।কংগ্রেসের নেতা ও ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী সম্প্রতি এক জনসভায় বলেন, ‘তৃণমূল কংগ্রেসের ১২ জন সাংসদ ও ৭৫ জন বিধায়ক কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রেখেছেন। যেকোনো মুহূর্তে তাঁরা যোগ দিতে পারেন কংগ্রেসে। দলত্যাগ আইনের ফাঁসে পড়ে যাতে সাংসদ ও বিধায়ক পদ হারাতে না হয়, সে জন্য তাঁরা অপেক্ষা করছেন।’ আবু হাসেম খান আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের খামখেয়ালিপনায় বেশ কজন সাংসদ ও বিধায়ক বিরক্ত। তৃণমূল কংগ্রেস নীতিহীনতায় ভুগছে। তারা কোনো উন্নয়নের কাজ করছে না। ঘোষণার রাজনীতি করছে।’ তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলে ভাঙন দেখা দেবে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের ১৯ জন সাংসদ ও পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় ১৮৪ জন বিধায়ক আছেন।