কংগ্রেসের অনুষ্ঠানে অমিতাভ বচ্চন মুম্বাইয়ে দিনভর জল্পনা-কল্পনা
কে তাঁকে ডাকলেন, কে তাঁকে আমন্ত্রণ করলেন, কে তাঁকে মঞ্চে ডেকে আনলেন, আর কে-ই বা মহারাষ্ট্রের মুখমন্ত্রী অশোক চবনের পাশে বসিয়ে দিলেন—গতকাল বৃহস্পতিবার মুম্বাই শহরে কংগ্রেস দলের নেতারা এ নিয়েই ছিলেন ব্যস্ত এবং একে অপরকে দোষারোপ করেই কাটিয়ে দিলেন দিনমান। আঙুল তোলা হয়েছে কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের দলের লোকদের দিকেও।আর তাঁকে বলতে যাঁকে বোঝানো হচ্ছে, তিনি আর কেউ নন, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বন্ধু বলিউড তারকা অমিতাভ বচ্চন। গান্ধী পরিবারের সঙ্গে যাঁর সম্পর্ক গত কুড়ি বছরে তিক্ত হয়ে তলানিতে ঠেকেছে, সেই অমিতাভ বচ্চন এসেছিলেন মুম্বাইয়ে মহারাষ্ট্র সরকার আয়োজিত বান্দ্রা-ওরলি সি লিংক সমুদ্রসেতুর দ্বিতীয় কিস্তির অনুষ্ঠানে। শুধু তা-ই নয়, অমিতাভ ভাষণও দিলেন কংগ্রেসের তাবত্ নেতার সামনেই। ভূয়সী প্রশংসা করলেন প্রয়াত বন্ধু রাজীব গান্ধীর। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠল—খবরটা কি সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী জানেন?সান্তা ক্রুজের অফিসে বসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চবন সাফ জানিয়ে দিয়েছেন, অতিথিদের আমন্ত্রণের তালিকায় অমিতাভ বচ্চনের নাম ছিল না। তাহলে কে আমন্ত্রণ জানালেন তাঁকে? ধর আগে। কে তাঁকে ডাকলেন কংগ্রেসের অনুষ্ঠানে? সারা ভারত যাঁকে চেনে কংগ্রেসবিরোধী ও মুলায়ম সিংয়ের দল সমাজবাদী পার্টির লোক বলে!তাহলে কি অমিতাভের বন্ধু রাজীবের ভূয়সী প্রশংসা করে আবার গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হতে চাইছেন? এ প্রশ্নটাও উঠছে বারবার। একসময় রাজীব গান্ধী মুম্বাইয়ে এসেই প্রথমে বন্ধু অমিতাভের জুহুর বাড়ি ‘প্রতীক্ষা’য় চলে যেতেন। গান্ধী ও বচ্চন পরিবারের মধ্যে সম্পর্কও ছিল মধুর; অমিতাভের সন্তান অভিষেক, শ্বেতা এবংরাজীবের সন্তান রাহুল, প্রিয়াঙ্কা ছিল ভাই-বোনের মতো। সোনিয়া গান্ধী ও জয়া বচ্চনের মধ্যেও ছিল মধুর সম্পর্ক। রাজীব গান্ধী মারা যাওয়ার পর হঠাত্ একদিন সব ভেঙে চুরমার হয়ে গেল। একান্ত আলাপচারিতায় অমিতাভ জানিয়েছিলেন, জয়ার কিছু কথা সোনিয়া মেনে নিতে পারেননি। তার পর থেকেই দুই পরিবারের মধ্যে মুখ-দেখাদেখি বন্ধ হয়ে গেল। অমিতাভ সম্পর্কটা জোড়া লাগাতে চেয়েছিলেন; কিন্তু রাহুলের এক কটু মন্তব্যে তা আর হয়নি।অমিতাভ কি সেই পুরোনো জমি উদ্ধারে নেমেছেন, নাকি অমিতাভকে অনুষ্ঠানে ডেকে অশোক চবনবিরোধী গোষ্ঠী সক্রিয় হয়ে মুখ্যমন্ত্রীকে সরাতে চাইছেন, নাকি শারদ পাওয়ারের দলের লোকেরা এই কাণ্ড ঘটিয়ে কংগ্রেসকে বিড়ম্বনায় ফেললেন? এ প্রশ্নের উত্তর গতকাল সারা দিন কেউ দিতে পারেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত অমিতাভও এ ব্যাপারে কাউকে কিছু বলেননি।