কংগ্রেসের অস্তিত্ব রক্ষার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাম ও ত্রিপুরা রাজ্যে ভোট গ্রহণের মাধ্যমে গতকাল সোমবার ৮০ কোটির বেশি ভোটারের দেশ ভারতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন শুরু হয়েছে।
২৫ বছর আগে, ১৯৮৯ সালের নির্বাচনে ভারতের রাজনীতিতে কংগ্রেসের একক কর্তৃত্বের অবসান ঘটে। নয়াদিল্লিতে জোট সরকার যুগের সূচনা হয়। গত ২৫ বছরের মধ্যে ১৫ বছরই কংগ্রেস ক্ষমতায় ছিল। তবে ১৯৮৪ সালের পর আর দলটি কখনো পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কোনো খোঁজই ছিল না, সেই দলই ১৯৮৯ সালের নির্বাচনে ৮০টি আসনে জয়ী হয়।
ওই নির্বাচনে ভিপি সিং বোর্ফস কেলেঙ্কারিকে সামনে এনে প্রথমবারের মতো দুর্নীতিকে জাতীয় রাজনৈতিক ইস্যু বানিয়ে সফল হন। তৈরি করেছিলেন ভবিষ্যতের ফর্মা।
২০১৪ সালের লোকসভা নির্বাচন ১৯৮৯ সালের নির্বাচনের মতোই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখনো জনমত জরিপগুলোর ফল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদির পক্ষেই রয়েছে। ফল প্রত্যাশা অনুযায়ী হোক আর না-ই হোক, সেটা যে ভারতীয় রাজনৈতিক ও সামাজিক দৃশ্যপটকে বদলে দিতে পারে, সেই সম্ভাবনা প্রবল।
কংগ্রেসের জন্য অস্তিত্বের লড়াই: প্রথম বিষয়টি হচ্ছে, কংগ্রেস ও রাহুল গান্ধীর ভাগ্যে কী ঘটবে? সব দিক বিবেচনায় কংগ্রেস ছত্রভঙ্গ অবস্থা থেকে শুরু করেছে। রাহুলের অধীনে দল একটি জুতসই নির্বাচনী প্রচারণা শুরুর ক্ষেত্রে যে অক্ষমতা দেখিয়েছে, তা অধিকাংশ কংগ্রেস-সমর্থককে হতাশ করেছে। কংগ্রেস কমপক্ষে ১১৫টি আসন না পেলে মতপার্থক্য দূর করে দলকে পুনর্গঠন করতে রাহুল যে সক্ষম—এই ধারণা প্রতিষ্ঠিত করা কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে এবারের নির্বাচন ভারতের প্রাচীন এই রাজনৈতিক দলটির অস্তিত্বের লড়াই।
আম আদমি পার্টির (এএপি) ভবিষ্যৎ: এএপি ও এর নেতা অরবিন্দ কেজরিওয়ালের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে, তা এবারের নির্বাচন ঠিক করে দেবে। দিল্লির বিধানসভা নির্বাচনের সাফল্য নতুন এই দলটিকে নিয়ে ভবিষ্যদ্বাণী কঠিন করে তুলেছে। দুর্নীতি ও বড় করপোরেট প্রতিষ্ঠানবিরোধী প্রচারণা চালিয়ে তারা জনগণের নজর কাড়লেও একটি দক্ষ রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে কি না, তা প্রশ্নসাপেক্ষ ব্যাপার। নির্বাচনে দলটি ১০টির কম আসন পেলে তা হবে হতাশাজনক। আর ২০টির বেশি পেলে বোঝা যাবে, তারা মোটামুটি ঠিক পথে আছে।
বিজেপির জন্য পরীক্ষা: এই নির্বাচনে বিজেপির সাফল্য-ব্যর্থতা ভবিষ্যৎ রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারণ করে দেবে। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি বড় জয় পেয়ে সরকার গঠন করে সঠিক পথে দেশ চালালে ভবিষ্যতে অন্য দলগুলোর জন্য পথটা কঠিন হয়ে পড়বে। বিজেপি ১৭৫ আসনের কম পেলে দলটি কোনো দিনই ২৭২ আসন পাওয়ার ধারেকাছে যেতে পারবে কি না, সেই প্রশ্ন থেকে যাবে।
উত্তর প্রদেশ ও বিহার ফ্যাক্টর: কেন্দ্রে একটি শক্তিশালী সরকার গঠনে এই দুই রাজ্যের ব্যাপক ভূমিকা রয়েছে। বড় দুই রাজনৈতিক দল গত ২০ বছর এই দুই রাজ্যে ভালো করেনি। বর্তমানে লোকসভায় রাজ্য দুটির আসনসংখ্যা ১২০। বিজেপি এবার সেখানে ভালো করলে কেন্দ্রে অবস্থান পোক্ত করতে পারবে। তবে লালু প্রসাদ, নীতিশ কুমার, মায়াবতী ও মুলায়ম সিংয়ের মতো নেতারা থাকতে বিজেপি কতটা সুবিধা করতে পারবে, সেটাই দেখার বিষয়।
নেহরুবাদের মতৈক্যের সমাপ্তি: ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত ভারতের নীতিনির্ধারণ ও জনজীবনে নেহরুবাদে একধরনের মতৈক্য রয়েছে। মোদির নেতৃত্বাধীন বিজেপি জিতলে তার সমাপ্তি ঘটতে পারে। এর আগে অটল বিহারি বাজপেয়ি বিজেপির প্রধানমন্ত্রী হলেও নেহরুর দীর্ঘদিনের অনুরাগী হিসেবে তিনি কখনোই নেহরুবাদের মূলনীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেননি। তবে মোদি অটল বিহারি নন।