কংগ্রেসের আলভিকে ‘পাগল’ বললেন এসপি নেতা
ভারতে সমাজবাদী পার্টির (এসপি) নেতা মুলায়ম সিং যাদবকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘এজেন্ট’ বলে উল্লেখ করেছিলেন কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি। জবাবে আলভিকে ‘পাগল’ বললেন এসপি নেতা রামগোপাল যাদব।গত বৃহস্পতিবার রাতে একটি জনসভায় রশিদ আলভি বলেন, ‘আমি জানি না, আপনারা আমার কথা পছন্দ করবেন কি না, তবে ১০ বছর ধরে আমি বলে আসছি, বিজেপির সবচেয়ে বড় এজেন্ট যদি কেউ থেকে থাকেন, তিনি মুলায়ম সিং যাদব। বিজেপির সুরে সুরে কেউ যদি নাচেন তাহলে তিনি মুলায়ম সিং যাদব।’তবে আলভির এ মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, মন্তব্য করে দ্রুত জানিয়ে দেয় কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী বলেন, ‘আলভির বক্তব্য দলের বক্তব্য নয়...কংগ্রেস সব সময়ই চেয়েছে, সব ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করতে।’জনার্দন দ্বিবেদী দলের অবস্থান পরিষ্কার করলেও রশিদ আলভির ওপর প্রচণ্ড খেপেছে এসপি। দলের জ্যেষ্ঠ নেতা রামগোপাল যাদব গতকাল সাংবাদিকদের বলেন, ‘যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যান এবং এ ধরনের উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন, তাহলে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু বলতে পারি না।’প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থীকে এসপি সমর্থন দেওয়ার পরও কংগ্রেস মুখপাত্র এমন কথা কেন বললেন, জানতে চাইলে রামগোপাল বলেন, ‘তাঁর (আলভি) কথাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। বরং কেউ পাগল হয়ে গেলে তাঁকে চিকিৎসকের কাছে পাঠানো উচিত।’কংগ্রেস মুখপাত্রের মন্তব্যের বিষয়ে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান এসপিপ্রধান মুলায়ম সিং যাদব। হিন্দুস্তান টাইমস।