কংগ্রেসের দায়িত্ব রাহুলের হাতে
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ। নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। কয়েক সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকতে হবে। এ অবস্থায় শতাব্দী-প্রাচীন কংগ্রেস দলের হাল ধরবেন কে—এই প্রশ্ন উঠেছে।কংগ্রেস দলে অনেক অভিজ্ঞ ও পোড়খাওয়া নেতা আছেন। কিন্তু নিউইয়র্কে যাওয়ার আগে ওই নেতাদের ওপর ঠিক ভরসা রাখতে পারেননি সোনিয়া গান্ধী। শেষ পর্যন্ত রাহুলকেই দলের অলিখিত দায়িত্ব দিয়েছেন। সঙ্গে দিয়েছেন তাঁর বিশেষ আস্থাভাজন আহমেদ প্যাটেল (সোনিয়ার রাজনৈতিক সচিব), এ কে অ্যান্টনি (প্রতিরক্ষামন্ত্রী) ও জনার্দন দ্বিবেদীকে (দলের প্রধান মুখপাত্র)। মনমোহন সিং ও প্রণব মুখার্জির মতো প্রবীণ নেতাদের হাতে সরকারের ভার ছাড়লেও দলের দায়িত্ব সোনিয়া ছেলের ওপরই ছাড়লেন। সোনিয়া সুস্থ থাকলে দু-এক দিনের মধ্যেই দেশে ফিরবেন। সদ্য ৪১ পেরোনো রাহুল রাজনীতিতে এখনো নবিশ। উত্তর প্রদেশে কংগ্রেসের হারানো অবস্থান ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কাকতালীয় হলেও সত্য যে ১৯৮৪ সালে দেহরক্ষীর গুলিতে ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর রাজীব গান্ধীও ৪১ বছর বয়েসে দলের হাল ধরেন। মায়ের অবর্তমানে রাজীবের ছেলে রাহুলের ওপর সেই দায়িত্ব পড়তে চলেছে, যদিও সবাই ভাবছিলেন ২০১৪ সালের আগে রাহুলকে সেভাবে সামনে আনবেন না সোনিয়া। ওই বছর ভারতে লোকসভা নির্বাচন হওয়ার কথা এবং ওই নির্বাচনে রাহুলকে সামনে রেখে লড়তে চায় কংগ্রেস। কারণ, তত দিনে মনমোহন সিংয়ের বয়স ৮০ পেরিয়ে যাবে। তাঁর পক্ষে বেশি দিন সরকারের দায়িত্ব চালিয়ে যাওয়া কঠিন। তাহলে কি দলের পরই সরকারের দায়িত্ব রাহুলকে দেবেন সোনিয়া? অতীতের তিক্ত অভিজ্ঞতা সেই সাক্ষ্যই দেয়। রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া।