কংগ্রেসের নিবন্ধন বাতিলের আবেদন জানাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জনতা পার্টির প্রধান সুব্রামানিয়ান স্বামী দেশটির ক্ষমতাসীন কংগ্রেস দলের নিবন্ধন বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছেন। গতকাল শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে তিনি এ কথা জানিয়েছেন। জনতা পার্টির প্রধান টুইটারে লিখেছেন, ‘ঋণ কেলেঙ্কারি নিয়ে কংগ্রেসের স্বীকারোক্তির পর আজই আমি নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন বাতিলের জন্য আবেদন করব।’এর আগে সুব্রামানিয়ান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে অলাভজনক সংবাদপত্র প্রতিষ্ঠান ন্যাশনাল হেরাল্ডকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন। এর জবাবে গত শুক্রবার কংগ্রেসের মহাসচিব জনার্দন দ্বিবেদি জানান, ন্যাশনাল হেরাল্ড ও কাউমি আওয়াজ পরিচালিত অ্যাসোসিয়েটস জার্নালস প্রাইভেট লিমিটেডকে দলটি সুদবিহীন ঋণ সুবিধা দিয়েছে। তবে দলটি এ ঋণ দানকে গৌরবের বিষয় বলেই মনে করে। কারণ, ১৯৩৭ সালে স্বয়ং জওহরলাল নেহরু এই প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে বড় ভূমিকা রাখে এটি। দ্য টাইমস অব ইন্ডিয়া।