কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী নন্দন নিলেকানি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্দন নিলেকানি
নন্দন নিলেকানি

ভারতের আগামী বছরের লোকসভা নির্বাচন সামনে রেখে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ঘোষণা করেছে। তবে ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান শরিক কংগ্রেস এখনো প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেনি। এ কারণেই তাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী কে হতে পারেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
অনেক দিন ধরেই কংগ্রেসের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে কংগ্রেস-প্রধান সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীর কথাই আলোচনা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা আসছে না। আবার রাহুল যে প্রধানমন্ত্রী প্রার্থী হতে চান না, সে বিষয়টিও তিনি নিজে চূড়ান্তভাবে স্পষ্ট করছেন না। গত রোববার সোনিয়া এক বিবৃতিতে বলেন, ‘সুবিধামতো সময়ে’ প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এসব কারণেই রাহুল ছাড়াও কংগ্রেসের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর তালিকায় নাম আসছে অর্থমন্ত্রী পি চিদাম্বরম, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ও স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের। এই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে চমক জাগানোর মতো একটি নাম—নন্দন নিলেকানি। ভারতের রাজনীতিতে এই নাম একেবারেই নতুন। ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের হলেও রাজনীতিতে অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় নবিশ বললেও হয়তো কম হবে।
ভারতের পরিকল্পনা কমিশনের সঙ্গে যুক্ত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নিলেকানি। এ রকম নতুন প্রার্থীকে কেন বেছে নেবে কংগ্রেস? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে কয়েকটি উত্তর মেলে। তাহলো নিলেকানির পরিচ্ছন্ন ভাবমূর্তি, ব্যবসায়ী হিসেবে পরিচিতি, যোগাযোগের ক্ষেত্রে চমৎকার দক্ষতা, বয়স (৫৮ বছর, ভারতের প্রেক্ষাপট বিবেচনায় অপেক্ষাকৃত তরুণ)। এর সঙ্গে যোগ হবে ইউআইডিএআইয়ের প্রধান হিসেবে প্রায় সাড়ে চার বছর কাজ করার অভিজ্ঞতা। শোনা যাচ্ছে, নিলেকানি আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে বেঙ্গালুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একে অনেকেই তাঁর প্রধানমন্ত্রী প্রার্থিতার পক্ষে ইঙ্গিত হিসেবে মনে করছেন।
তবে যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। নিলেকানি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, সম্পূর্ণ বাজে কথা। অসাধারণ কল্পনাশক্তিসম্পন্ন লোকজন এমন ভিত্তিহীন কথা ছড়াচ্ছেন।
কংগ্রেসের একটি অংশ মনে করে, কংগ্রেসের উচিত প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করা। দলটির শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য কংগ্রেস কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় বিজেপি তথা মোদি সুবিধা পাচ্ছেন। সুবিধা পাচ্ছেন নতুন দল আম আদমি পার্টির (এএপি) প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালও। আরেক নেতা মনে করেন, কংগ্রেসের মতো দল থেকে এখনো প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা না করা দলের জন্য নেতিবাচক। টাইমস অব ইন্ডিয়া।