কংগ্রেস-বিজেপির দুই রকম রেকর্ড
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবার চতুর্থবারের মতো ভারতের শাসনক্ষমতায় আসছে৷ লোকসভায় নিজের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ আসনে জয়ী হয়েছে দলটি৷ আর সিকি শতাব্দী পর ভারতে এই প্রথমবারের মতো কোনো দল এককভাবে ক্ষমতায় যাওয়ার কৃতিত্ব অর্জন করতে যাচ্ছে৷ অথচ এই দলটিই ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে মাত্র দুটি আসনে জয় পেয়েছিল৷
অন্যদিকে ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকে মাত্র ১৩ বছর ক্ষমতার বাইরে ছিল কংগ্রেস৷ দলটি লোকসভা নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছিল ১৯৯৯ সালে, পেয়েছিল ১১৪টি আসন৷ কিন্তু এত দিনের সেই রেকর্ড এবার মুছে যাচ্ছে কংগ্রেসের শোচনীয় হারে৷ এবার দলটি ৫০টির কম আসন পাচ্ছে, সেটি প্রায় নিশ্চিত হয়ে গেছে৷ বিরোধী দলের আসনে বসার মতো ১০ শতাংশ আসন পাবে কি না, সেটি নিয়ে দেখা দিয়েছে সংশয়৷ আরেকটি তথ্য হলো, কংগ্রেসের সবচেয়ে খারাপ ফলের রেকর্ড আর বিজেপির সবচেয়ে ভালো ফলের রেকর্ড—দুটি রেকর্ডই হয়েছে সোনিয়া গান্ধী কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর৷
বিরোধী দলে থেকে বিজেপি এবার যেভাবে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে, স্বাধীন ভারতে এ ঘটনা এর আগে একবারই ঘটেছিল৷ জরুরি অবস্থার অবসানের পর ১৯৭৭ সালের সাধারণ নির্বাচনে বিরোধী দল থেকে ক্ষমতায় এসেছিল তৎকালীন জনতা পার্টি৷ এই জনতা পার্টির বিলুপ্তির মাধ্যমে ১৯৮০ সালে গঠিত হয় বর্তমান বিজেপি৷ বিজেপি গঠিত হওয়ার পর প্রথম লোকসভা নির্বাচন হয় ১৯৮৪ সালে৷ সেই নির্বাচনে পুরো ভারতে অন্ধ্র প্রদেশ ও গুজরাট রাজ্য থেকে একটি করে মোট দুটি আসনে জয় পেয়েছিল বিজেপি, যা এ পর্যন্ত দলটির সবচেয়ে বাজে ফলের রেকর্ড৷
বিজেপি প্রথম ক্ষমতায় আসে ১৯৯৬ সালে, তবে সেই সরকারের মেয়াদ ছিল মাত্র ১৩ দিন৷ ১৯৯৮ সালে সমমনা দলগুলোকে নিয়ে গঠিত জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) হাত ধরে ক্ষমতায় আসে বিজেপি৷ এবার ১৩ মাস ভারত শাসন করে দলটি৷ লোকসভা নির্বাচনে বিজেপি সবচেয়ে ভালো ফল করে পরের বছর ১৯৯৯ সালে৷ এনডিএ জোটে থেকে নির্বাচন করে বিজেপি ১৮২ আসনে জয়ী হয়৷
বিজেপি যে লোকসভা নির্বাচনে সবচেয়ে বাজে ফল করে, সেই নির্বাচনের আগে ১৯৮৪ সালে দেহরক্ষীর গুলিতে নিহত হন কংগ্রেসের প্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ তাই নির্বাচনে কংগ্রেসের প্রতি জনগণের একটি সহানুভূতিও কাজ করছে৷ আর নতুন দল বলে হয়তো সবকিছু গুছিয়ে উঠতে পারেনি বিজেপি৷
এবার টানা ১০ বছরের শাসনক্ষমতায় থেকে নির্বাচনে নামে কংগ্রেস৷ এই ১০ বছরে বিশেষ করে দ্বিতীয় মেয়াদে বেশ কিছু দুর্নীতির ঘটনায় কংগ্রেসের অবস্থান দুর্বল হয়ে পড়ে৷ এবারের নির্বাচনে কংগ্রেস তারই খেসারত দিল বলে মনে করছেন বিশ্লেষকেরা৷ পিটিআই৷