সরকারি বাহিনী বিদ্রোহী এম২৩ গোষ্ঠীকে চূড়ান্তভাবে পরাস্ত করার পর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতিসংঘের দূত মার্টিন কবলার গত বুধবার বলেছেন, এম২৩ গোষ্ঠীর পরাজয়ের পর সীমান্তপথে রুয়ান্ডায় অস্ত্র পাচার ও বিদ্রোহীদের অনুপ্রবেশ রোধে এ ব্যবস্থা নেওয়া হয়। এদিকে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য শীর্ষস্থানীয় সদস্যদেশগুলো কঙ্গোয় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রুয়ান্ডা বলছে, কঙ্গোর বিদ্রোহীদের দাবির ব্যাপারে নতুন করে গুরুত্ব দেওয়া উচিত। এদিকে বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সামরিক শাখার নেতা সুলতানি মাকেংগা আত্মসমর্পণ করেছেন। তাঁকে উগান্ডার একটি অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে। উগান্ডার একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেন। এএফপি।