কঙ্গোতে শেষ বিদ্রোহী ঘাঁটিতে সেনা অভিযান
পূর্ব কঙ্গোতে বিদ্রোহীদের শেষ ঘাঁটি দখলের চেষ্টা করছে সেনাবাহিনী। গতকাল সোমবার নতুন করে দুই পক্ষের ভয়াবহ লড়াই শুরু হয়।
উগান্ডার সীমান্তবর্তী বুনাগানা শহরে গতকাল সোমবার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের হামলা চালায়। হামলার মুখে কয়েক হাজার বেসামরিক মানুষ সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী উগান্ডায় পালিয়ে যায়।
সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে এম-২৩ বিদ্রোহী গোষ্ঠী গত রোববার অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিল। কিন্তু গতকাল অস্ত্রবিরতির কোনো লক্ষণ দেখা যায়নি। বরং সেনা-বিদ্রোহী লড়াই ভয়াবহ আকার ধারণ করে।
গত ২০ মাসে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সব কটি শহরের দখল নিয়েছে সেনাবাহিনী। তবে বুনাগানায় এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী।
গত মাসে উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত দুই পক্ষের শান্তি আলোচনায় কোনো ফল হয়নি। এরপর রোববার বিদ্রোহীদের নেতা বেরথঁদ বিসিমওয়া শান্তি আলোচনা অব্যাহত রাখতে অস্ত্রবিরতির আহ্বান জানান। গতকাল বিদ্রোহীদের এক বিবৃতিতে বলা হয়, সরকারি বাহিনী তাদের আহ্বানে সাড়া না দিয়ে হামলা শুরু করে। বিদ্রোহীরা তাদের প্রতিরোধের চেষ্টা করছে। বিবিসি।