কঙ্গোর দুই বিদ্রোহী নেতার বিরুদ্ধে আইসিসির পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো বিদ্রোহী নেতা বস্কো এনতাগান্দা এবং রুয়ান্ডার বিদ্রোহী নেতা সিলভেস্তার মুদাকুমুরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গত শুক্রবার আদালত ঘোষণা করেন, কঙ্গোভিত্তিক রুয়ান্ডার হুতু বিদ্রোহী নেতা মুদাকুমুরা (৫৮) এবং টার্মিনেটর নামে খ্যাত তুতসি জেনারেল এনতাগান্দার (৪১) বিরুদ্ধে দেশটির পূর্বাঞ্চলে চলমান বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কঙ্গো ও জাতিসংঘের অভিযোগ, এনতাগান্দার সঙ্গে সম্পর্কযুক্ত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীকে রুয়ান্ডা অর্থ, অস্ত্র এবং সেনা দিয়ে সহায়তা করছে। এরই মধ্যে গোষ্ঠীটি কঙ্গোর পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরের নিয়ন্ত্রণ দখল করেছে। আইসিসি আরও বলেছেন, কঙ্গোর উত্তর ও দক্ষিণ কিভুতে ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধে এনতাগান্দার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। যুদ্ধে শিশুসেনা নিয়োগের কারণে ২০০৬ সালে তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তবে গত মে মাসে তাঁর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ গঠন করা হয়।এ ছাড়া হুতু বিদ্রোহী নেতা মুদাকুমুরার বিরুদ্ধে নয়টি পৃথক ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। এএফপি।