যোদ্ধা হিসেবে শিশুদের নিয়োগের দায়ে কঙ্গোর একটি বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। ১০ বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের এটাই প্রথম রায়। পরবর্তী শুনানির পর টমাস লুবাঙ্গা নামের ওই গোষ্ঠীর নেতাকে কারাদণ্ড দেওয়া হতে পারে।কঙ্গো প্রজাতন্ত্রের সোনাসমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলীয় আইতুরি প্রদেশে জাতিগত সহিংসতা চলাকালে লুবাঙ্গা বিদ্রোহী গোষ্ঠী ইউনিয়ন অব কঙ্গোলিজ প্যাট্রিয়টসের (ইউপিসি) নেতৃত্বে ছিলেন। নয় বছরের শিশুদেরও তিনি দেহরক্ষী, যোদ্ধা এবং যৌনতার কাজে ব্যবহার করতেন বলে মামলায় অভিযোগ আনা হয়। আদালতের তিন বিচারক বলেন, এটা প্রমাণিত যে ২০০২ ও ২০০৩ সালে বিদ্রোহী গোষ্ঠী ইউপিসি এবং এর সশস্ত্র শাখার প্রধান হিসেবে ১৫ বছরের নিচের শিশুদের যোদ্ধা হিসেবে নিয়োগ এবং তাদের সম্মুখযুদ্ধে পাঠানোর দায়ভার লুবাঙ্গার। বিবিসি।