কঙ্গোর মিলিশিয়া নেতাকে নির্দোষ বলল আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার দেশ কঙ্গোর সাবেক মিলিশিয়া নেতা ম্যাথিউ এনগুদজোলো চুই যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। গতকাল মঙ্গলবার দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁকে নির্দোষ বলে রায় দেন।২০০৩ সালে কঙ্গোর ইতুরি প্রদেশের বোগোরো এলাকায় ২০০ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। জীবন্ত পুড়িয়ে মারা হয় অনেককে। দেয়ালচাপা দিয়ে হত্যা করা হয় শিশুদের। ধর্ষণের শিকার হন অনেক নারী। এনগুদজোলো এই নৃশংসতা চালানোর নির্দেশ দেন বলে আইসিসিতে অভিযোগ আনা হয়।শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। আদালতে তিনি বলেন, এই নৃশংসতা সংঘটিত হওয়ার কয়েক দিন পর তিনি বিষয়টি জানতে পেরেছেন।আইসিসির বিচারক ব্রুনো কোর্টে বলেন, এনগুদজোলোকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০০৩ সালের ওই ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তিনি জানান, আদালত সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছেন। বিবিসি।