কঙ্গোর যুদ্ধবাজ নেতা লুবাঙ্গার ১৪ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোর যুদ্ধবাজ নেতা টমাস লুবাঙ্গাকে গতকাল মঙ্গলবার ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যুদ্ধে শিশুসেনা নিয়োগের দায়ে তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।২০০২-০৩ সাল পর্যন্ত কঙ্গোর পশ্চিমের ইতুরি অঞ্চলে যুদ্ধ চলাকালে ১৫ বছরের কম বয়সী শিশুদের ধরে নিয়ে নিজের মিলিশিয়া বাহিনী ইউনিয়ন অব কঙ্গোলিজ প্যাট্রিয়টসে নিয়োগ দেওয়ার অপরাধে গত মার্চে লুবাঙ্গাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে রায়ের বিরুদ্ধে লুবাঙ্গা আপিল করতে পারবেন।ইতুরি অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জাতিগত লড়াইয়ে প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। ১০ বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছেন। দ্য হেগের আদালতের নিরাপত্তা হেফাজতে লুবাঙ্গা প্রায় চার বছর থাকায় তাঁকে এখন আর আট বছরের সাজা ভোগ করতে হবে।বিচার চলাকালে নিজের বিদ্রোহী বাহিনীর জন্য লুবাঙ্গা কীভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করতেন, তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। লুবাঙ্গা চাঁদা হিসাবে নগদ অর্থ, গরু বা পরিবারের সন্তানদের নিয়ে যেতেন বলে আদালতে বলা হয়েছে। ২০০৫ সালের মার্চে জাতিসংঘের শান্তিরক্ষীরা কয়েকজন বিদ্রোহীসহ লুবাঙ্গাকে গ্রেপ্তার করে। ২০০৬ সালে তাঁকে দ্য হেগে স্থানান্তর করা হয়। লুবাঙ্গা কোথায় সাজা ভোগ করবেন সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। বিবিসি।