কঙ্গোয় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে গতকাল রোববার একটি অস্ত্রের গুদামে কয়েক দফা বিস্ফোরণে প্রায় ২০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড় হাজার।একজন ইউরোপীয় কূটনীতিক বলেন, ‘স্থানীয় সময় সকাল আটটা থেকে বেলা পৌনে ১১টার মধ্যে ব্রাজাভিলের পূর্বাঞ্চলীয় এমপিলা সামরিক ব্যারাকে ওই বিস্ফোরণ ঘটে। সামরিক হাসপাতালে আমরা অন্তত ১৫০টি মৃতদেহ গুনেছি। আহত ব্যক্তির সংখ্যা প্রায় দেড় হাজার। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।’নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেনাসদস্য জানান, আগুনের কারণে কঙ্গো নদীতীরবর্তী এমপিলা সামরিক ব্যারাকের দুটি অস্ত্রের গুদামে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আশপাশের অনেক বাড়িঘরের দরজা-জানালা উড়ে গেছে।একজন কূটনীতিক জানান, কোনো রাজনৈতিক কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট সাসাউ গুয়েসো উদ্ধার তৎপরতার সমন্বয়ে সেনাপ্রধানের সঙ্গে কাজ করছেন। একের পর এক বিস্ফোরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে।তবে সরকারের পক্ষ থেকে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এএফপি ও রয়টার্স।