কঙ্গোয় ছড়িয়ে পড়েছে নির্বাচন-পরবর্তী সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গো প্রজাতন্ত্রের বিভিন্ন এলাকায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিক্ষোভ-কারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নির্বাচন কমিশন বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত বলে ঘোষণা করার এক দিন পর গত শনিবার বিভিন্ন এলাকায় ওই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কঙ্গোর নির্বাচনকে কেন্দ্র করে দেশটির সাবেক ঔপনিবেশিক শাসক দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও বিক্ষোভ হয়েছে। সেখানে প্রায় ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে কাবিলাবিরোধী বিক্ষোভের সময় পুলিশ ১৪৩ জনকে গ্রেপ্তার করে। প্রেসিডেন্ট কাবিলার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এটিন্নি শিশেকেদি নির্বাচন কমিশন ঘোষিত ফল প্রত্যাখ্যান করে নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা দেওয়ার পর রাজধানী কিনশাশাসহ বেশ কয়েকটি এলাকায় রাতভর ব্যাপক গুলির শব্দ পাওয়া গেছে। পুলিশ কিনশাশার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে। রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য এলাকার গণপরিবহন-ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিনশাশার বাসিন্দা ট্রেসর এনকুনা বলেন, ‘গত রাত থেকে পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে চলে গেছে। বন্দুকের গুলির শব্দে আমরা রাতে একটুও ঘুমাতে পারিনি। জানি না কখন এটা থামবে। খুব ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে।’ প্রত্যক্ষদর্শীরা জানায়, কিনশাশার অধিকাংশ এলাকার রাস্তাঘাট এখন জনমানবশূন্য। রয়টার্স।