কঙ্গোয় বিদ্রোহীদের ৪৮ ঘণ্টা সময় দিল জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গো প্রজাতন্ত্রের বিদ্রোহী গোষ্ঠী এম২৩-কে অস্ত্র সমর্পণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে জাতিসংঘ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কঙ্গোর স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেল চারটায় ওই সময়সীমা শেষ হবে।এম ২৩ কঙ্গোর গোমা শহরের আশপাশে সাধারণ মানুষকে হত্যা করছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এই উদ্যোগ নিল। গত মাসের শুরুর দিকে বিদ্রোহীদের সঙ্গে কঙ্গোর সেনাবাহিনীর লড়াই ছড়িয়ে পড়ে।এরই মধ্যে জাতিসংঘের অধীনে ৩০ হাজার সেনার ব্রিগেড গঠন করা হয়েছে। কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের মিশন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় আজ বিকেল চারটার মধ্যে গোমা ও আশপাশের এলাকায় থাকা সব বিদ্রোহীকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে। গোমা শহরে জাতিসংঘের নির্দিষ্ট ঘাঁটিতে অস্ত্র সমর্পণ করতে হবে। বেঁধে দেওয়া সময়ের পর কারও কাছে অস্ত্র পাওয়া গেলে তাঁকেই বিদ্রোহী বলে বিবেচনা করা হবে। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো সময় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। কঙ্গোয় নিয়োজিত জাতিসংঘের মিশন এই সহিংসতা ঠেকাতে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’ জাতিসংঘ অভিযোগ করেছে, গোমা থেকে সাত কিলোমিটার উত্তরে মুতাহো এলাকায় গত ১৪ জুলাই নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এম২৩।বিদ্রোহীদের গোমার দিকে অগ্রসর হওয়া ঠেকাতে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্যই জাতিসংঘ এ সময় বেঁধে দিয়েছে। গত বছরের নভেম্বরে বিদ্রোহীরা ১০ দিনের জন্য গোমার দখল নিয়েছিল। সেই সময় জাতিসংঘ প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে। জাতিসংঘ বলছে, সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত অন্তত ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বিশ্লেষকেরা ও উগান্ডার কর্মকর্তারা বলছেন, রুয়ান্ডা এম২৩ বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে। যদিও রুয়ান্ডা গত মঙ্গলবার এই অভিযোগ অস্বীকার করেছে। বিবিসি।