কঙ্গোয় বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগীসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে গত রোববার বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ সহযোগীসহ পাঁচজন নিহত হয়েছেন। সরকারি সূত্র জানায়, কঙ্গোর সাউথ কিভু প্রদেশের বুকাভু শহর থেকে ২৩ কিলোমিটার উত্তরে কাভুমু বিমানবন্দরে একটি বিমান অবতরণকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট জোসেফ কাবিলার ঘনিষ্ঠ সহযোগী ও জ্যেষ্ঠ উপদেষ্টা অগাস্টিন কাতুম্বা এমওয়াংকে, বিমানের পাইলট ও তাঁর সহযোগী এবং স্থানীয় একটি খামারে কর্মরত দুই নারী শ্রমিক।ওই বিমানে অর্থমন্ত্রী, সাউথ কিভু প্রদেশের গভর্নর ও একজন রাষ্ট্রদূতসহ আটজন আরোহী ছিলেন। অর্থমন্ত্রী মাতাতা পয়োনো মাপন ও রাষ্ট্রদূত অ্যান্টনি ঘনডাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভর্নর মার্সেলিন সিশাম্বো হালকা আঘাত পেয়েছেন। বিমানটির মালিক ছিলেন এমওয়াংকে।কঙ্গোর উপপ্রধানমন্ত্রী অ্যাডলফ লুমানু মুলেন্দা বুয়ানা এনসেফু বলেন, ঘটনাস্থলেই নিহত হন প্রেসিডেন্টের উপদেষ্টা এমওয়াংকে। বিএনও নিউজ।