কঙ্গোয় মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহীরা কঙ্গোর দুটি শহর দখল করে নেওয়ার পর সেখান থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। এ ঘটনায় ওই অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। পাশাপাশি সংস্থাটি সেখানে আটকে পড়া মানুষকে উদ্ধারের আহ্বানও জানিয়েছে।গত মঙ্গলবার এম২৩ বিদ্রোহী গোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহর দখল করে নেয়। এর পরদিন তারা গোমা থেকে ২০ কিলোমিটার পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সেক শহরও দখল করে। পরে বিরোধীরা স্থানীয় বাসিন্দাদের ঘরছাড়া করে।জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতার কারণে কঙ্গোর আশ্রয়কেন্দ্রগুলোতে ঘরছাড়া মানুষের কাছে যাওয়া যাচ্ছে না। এরই মধ্যে সেখানে খাবার ও ওষুধের সংকট দেখা দিয়েছে।জাতিসংঘ বলেছে, গোমায় এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের হত্যার শিকার হচ্ছে বেসামরিক মানুষ। বিদ্রোহীরা সেখানে মানুষ অপহরণ করছে এবং মুক্তিপণ আদায় করছে। ধারণা করা হচ্ছে, রুয়ান্ডা ও উগান্ডার সরকার এম২৩-কে সহায়তা দিচ্ছে।জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বলেছে, নর্থ কিভুতে বহু মানুষ ঘরছাড়া হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে, শিশু ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে।জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক ডেপুটি সেক্রেটারি ভ্যালেরি আমোস বলেছেন, সহিংসতায় সৃষ্ট বিপর্যয়ের কারণে অনেক এলাকার আশ্রয়কেন্দ্রে ত্রাণকর্মীরা পৌঁছাতে পারছেন না। এতে ত্রাণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।একটি সংগঠনের প্রধান জানিয়েছেন, সেক শহর থেকে পূর্বাঞ্চলের দিকে চলে যাওয়া একটি রাস্তায় বহু লাশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তবে সেখানে কতজন মানুষের লাশ রয়েছে, তা তিনি সুনির্দিষ্ট করে বলেননি। এএফপি ও বিবিসি।