কট্টরপন্থী ইহুদিদেরও সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক
ইসরায়েলের অতি কট্টরপন্থী ইহুদি মতবাদে বিশ্বাসীদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি করার বিষয়ে সেনাবাহিনীকে এক মাসের সময় দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। অতি কট্টরপন্থীদের সেনাবাহিনীতে ভর্তি হওয়া থেকে অব্যাহতি-সংক্রান্ত আইনের মেয়াদ গত মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়ে যাওয়ার পর তিনি এ নির্দেশ দেন।‘তাল ল’ নামের ওই আইনটিকে গত ফেব্রুয়ারি মাসে অসাংবিধানিক ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জুলাইয়ের মধ্যে একটি সংশোধিত আইন প্রণয়নের জন্য বলেছিলেন। তবে দেশটির রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ১৯৪৯ সালে ‘তাল ল’ পাস হয়। সর্বশেষ ১৯৮৬ সালে আইনটিতে সংশোধনী আনা হয়। ১৮ বছর বা তদুর্ধ্ব সব ইসরায়েলিকে সেনাবাহিনীতে ভর্তি হওয়া বাধ্যতামূলক হলেও ওই আইনে অতি কট্টরপন্থী ইহুদি মতবাদে বিশ্বাসীদের তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ইসরায়েলিরা আইনটিকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করে থাকে। ওই আইনের মেয়াদ শেষ হওয়ায় এখন সবাইকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি হতে হবে। অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় কাউকে বিশেষভাবে অব্যাহতি দিলে ভিন্ন কথা। বিবিসি।