কট্টরপন্থী উপদেষ্টাকে বরখাস্ত করলেন সৌদি বাদশাহ
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ তাঁর অতিকট্টরপন্থী উপদেষ্টাদের একজন শেখ আবদেল মোহসেন আল-ওবেইকানকে বরখাস্ত করেছেন। সৌদি নারীদের ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিলে এক সরকারি পদক্ষেপের বিরোধিতা করেছিলেন শেখ ওবেইকান। ওবেইকান দেশটির রাজকীয় মন্ত্রিসভার একজন উপদেষ্টা ছিলেন। তবে, ঠিক কী কারণে তাঁকে অপসারণ করা হলো, সে বিষয়ে কর্মকর্তারা কিছু জানাননি। প্রভাবশালী ব্যক্তিরা নারীর স্বাভাবিক মর্যাদার পরিবর্তন ঘটিয়ে যাতে দুর্নীতির আশ্রয় নিতে না পারেন, সে জন্য সম্প্রতি দেশটিতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়।শেখ ওবেইকান এমন কিছু মন্তব্য করেন, যা সরকারের নেওয়া এসব পদক্ষেপের বিরোধিতার শামিল। বাদশাহ আবদুল্লাহ আগামী নির্বাচনগুলোতে দেশটির নারীদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়াও তিনি দেশে প্রথমবারের মতো সহশিক্ষার সুযোগসংবলিত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং গৃহনির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। বিবিসি।