মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন বিরোধী দল রিপাবলিকান পার্টির বর্ষীয়ান নেতা চাক হেগেলকে। যুদ্ধবিরোধী ও উদারপন্থী বলে পরিচিত হেগেলের এই মনোনয়ন তাঁর দলেরই কট্টরপন্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ একে কট্টরপন্থীদের কাছে দুঃস্বপ্ন বলে মনে করছেন।২০০৩ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের ইরাক আক্রমণের বিরোধিতা করেছিলেন তখনকার রিপাবলিকান সিনেটর হেগেল। তিনি ইরাক আক্রমণে উৎসাহী রিপাবলিকানদের সমালোচনা করে বলেন, যুদ্ধের প্রতি উৎসাহী নেতারা ‘জঙ্গলে বা শৃগালের গর্তে বসে তাঁদের বন্ধুদের মাথা উড়ে যাওয়া দেখতে চান’। ওই উৎসাহীদের তাঁর মতো পরিপ্রেক্ষিত বিবেচনা করার মতো ক্ষমতার ঘাটতি রয়েছে। হেগেলের এমন মন্তব্যে উৎসাহী রিপাবলিকানরা তাঁর অবস্থানকে বিপজ্জনক ধরনের দুর্বলতা বলে আখ্যা দিয়েছিলেন।প্রায় এক দশক পর হেগেল ও কট্টর রিপাবলিকানদের পাল্টাপাল্টি এ অবস্থানের বিষয়টি আলোচনায় ওঠার কারণ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁর মনোনয়ন। শুধু ইরাক যুদ্ধ নয়, বিতর্কিত পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের ওপর মার্কিন অবরোধ আরোপের বিপক্ষেও বিভিন্ন সময় ভোট দেন হেগেল। তাই রিপাবলিকানদের আশঙ্কা, হেগেলের প্রতিরক্ষামন্ত্রী হওয়া ইসরায়েলের জন্য হুমকি হয়ে আসছে। তাঁর আমলে যুক্তরাষ্ট্রের ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নীতি নতুন করে লিখতে হতে পারে।ইরাক আক্রমণের সময় মার্কিন প্রতিরক্ষা-উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রিপাবলিকান নেতা রিচার্ড এল আর্মিটেজ। তিনি বলেন, ‘রক্ষণশীলদের জন্য এটা দুঃস্বপ্ন যে, তাঁরা হেগেলকে প্রতিরক্ষমন্ত্রী হিসেবে পাচ্ছেন। যিনি যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ করেছেন, একজন সফল ব্যবসায়ী ও সিনেটর এবং শক্তি প্রয়োগ ছাড়াও সমস্যা সমাধানের বিকল্প পথের কথা বিবেচনা করেন।’মার্কিন নব্য রক্ষণশীলদের সাময়িকী দ্য উইকলি স্ট্যান্ডার্ড -এর সম্পাদক উইলিয়াম ক্রিস্টল বলেন, হেগেলও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নব্য রক্ষণশীলদের কাছ থেকে ভোগান্তির শিকার হবেন।