
বাবা রাষ্ট্রপতি হওয়ার পর তাঁরই ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে মাত্র আড়াই হাজার ভোটে জিতেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। এবার লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে আছেন অভিজিৎ।
গতবারের মতো এবারও কঠিন চ্যালেঞ্জের মুখে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তনয়। তৃণমূল কংগ্রেস সারদা কেলেঙ্কারির সঙ্গে অভিজিতের নাম আনায় নতুন দুশ্চিন্তাও যোগ হয়েছে অভিজিতের জন্য। জঙ্গিপুরে ভোট গ্রহণ হবে ২৪ এপ্রিল।
তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র গত রোববার দাবি করেছেন, সারদা গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়েছেন প্রণবের ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠা। সন্দেহ নেই, ভোটের মাঠে সারদা কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতা অভিজিতের জন্য নতুন অস্বস্তি সৃষ্টি করবে। যদিও মদন মিত্রের এ অভিযোগ অস্বীকার করেছে প্রদেশ কংগ্রেস।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে জঙ্গিপুর আসনে প্রণব মুখোপাধ্যায় জিতেছিলেন এক লাখ ২৮ হাজার ১৪৯ ভোটের ব্যবধানে। নিকটতম প্রার্থী সিপিএমের মৃগাঙ্ক শেখর ভট্টাচার্য পেয়েছিলেন তিন লাখ ৭৮ হাজার ৬০০ ভোট। বিজেপি প্রার্থী দেবাশিস মজুমদার পেয়েছিলেন ২১ হাজার ৭৯১ ভোট।
২০১২ সালের জুলাইতে রাষ্ট্রপতি হওয়ার পর আসনটি ছেড়ে দেন প্রণব। ওই বছরের অক্টোবরে উপনির্বাচনে প্রার্থী হন তাঁরই ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। সিপিএমের মোজাফফর হোসেনকে হারান মাত্র দুই হাজার ৫৩৬ ভোটের ব্যবধানে। অভিজিৎ পান তিন লাখ ৩২ হাজার ৯১৯ ভোট, আর মোজাফফর হোসেন পান তিন লাখ ৩০ হাজার ৩৯৩ ভোট।
জঙ্গিপুর আসনে এবারও সিপিএমের প্রার্থী মোজাফফর হোসেনই। আছেন তৃণমূল কংগ্রেসের শেখ নুরুল ইসলাম ও বিজেপির সম্রাট ঘোষ। তবে নুরুল ইসলাম অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী। গত নির্বাচনে বসিরহাট আসন থেকে ৬০ হাজার ১৩৫ ভোটের ব্যবধানে জয়ী হলেও এবার আর তাঁকে ওই আসনে প্রার্থী করেনি তৃণমূল। জানা গেছে, এলাকায় তাঁর বেশ কিছু কাজে এলাকাবাসী ক্ষুব্ধ থাকায় মমতা তাঁকে ওই আসনে প্রার্থী করেননি এবার।
৫৪ বছর বয়সী অভিজিৎ ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড সংস্থার (ভেল) নির্বাহী কর্মকর্তার পদ থেকে ইস্তফা দিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পেশায় তড়িৎ প্রকৌশলী অভিজিৎ। পরবর্তী সময়ে প্রণব মুখোপাধ্যায়ের লোকসভার আসন ছেড়ে দেওয়ার পর ওই আসনের উপনির্বাচনে লড়ে জয়ী হন। তবে অভিজিতের বিরুদ্ধে এলাকার অনেকেরই অভিযোগ, তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন না।
জানা গেছে, জঙ্গিপুর আসনটি আগে থেকেই কংগ্রেস প্রভাবিত। প্রণবপুত্রের রাজনৈতিক অবস্থান আগের চেয়ে শক্তিশালী হলেও এবার তাঁকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বামফ্রন্টের (সিপিএম) সেই মোজাফফর হোসেন। আর এর সঙ্গে যুক্ত হয়েছে সারদা কেলেঙ্কারি। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে অভিজিৎ।
এখানে তৃণমূলের প্রার্থী তেমন সুবিধা করতে পারবেন না বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। শেষ পর্যন্ত লড়াইটা হবে কংগ্রেস আর সিপিএমের মধ্যেই। তাই এখন সবার দৃষ্টি সেই ২৪ এপ্রিলের দিকেই।