কঠিন সময়ে যুক্তরাজ্যের বাঙালি রেস্তোরাঁগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মী সংকট, অর্থনৈতিক মন্দার প্রভাব এবং আইনি নানা কড়াকড়ির কারণে কঠিন সময় পার করছে যুক্তরাজ্যে বাঙালি মালিকানাধীন রেস্তোরাঁগুলো। রেস্তোরাঁ মালিকদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) বলছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রতি সপ্তাহে অন্তত পাঁচ থেকে ছয়টি রেস্তোরাঁর মালিকানা বদল হচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। 

বিভিন্ন রেস্তোরাঁ মালিক বলছেন, এতদিন বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের কাজে লাগিয়ে তাঁরা কর্মী সংকট মোকাবিলা করছিলেন। ২০০৯-১০ সালে যেখানে সপ্তাহে ১২ হাজার টাকার (এক শ পাউন্ড) বিনিময়ে রেস্তোরাঁয় পর্যাপ্ত কর্মী পাওয়া যেত, সেখানে এখন সপ্তাহে ৩০ হাজার টাকা (২৫০ পাউন্ড) দিয়েও কর্মী পাওয়া যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিদেশি শিক্ষার্থীদের কাজে কড়াকড়ি ও বিদেশ থেকে কর্মী আনায় নানা শর্ত আরোপ করার কারণে সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে বলে তাঁরা মনে করেন। নতুন নিয়ম অনুযায়ী বিদেশ থেকে রেস্তোরাঁ কর্মী আনতে হলে বছরে প্রায় ৩৬ লাখ টাকা (৩০ হাজার পাউন্ড) বেতন দিতে হয়।
কিন্তু যুক্তরাজ্যে যখন অভিবাসীদের আধিক্য নিয়ে এত বিতর্ক তখন বাঙালি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে কর্মী সংকটের কারণ কী?—এমন প্রশ্নে বিসিএ’র প্রেসিডেন্ট পাশা খন্দকার প্রথম আলোকে বলেন, বাঙালি রেস্টুরেন্টের কাজ অবাঙালি কর্মীদের দিয়ে হয় না। বাঙালি রেস্তোরাঁর মসলা মাখা তৈলাক্ত খাবারগুলো যুক্তরাজ্যে ‘ইন্ডিয়ান কারি’ বলে পরিচিত। ‘কারি’ খ্যাত বাঙালি খাবারগুলো তৈরি ও পরিবেশনায় সাংস্কৃতিক ঘনিষ্ঠতা দরকার। পূর্ব ইউরোপের দেশ থেকে আসা কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই সব কর্মীকে রান্না ও রেস্তোরাঁ চালানোর কৌশল রপ্ত করানো সম্ভব হয়নি।
অর্থনৈতিক মন্দার প্রভাব ও আইনি নানা কড়াকড়ির কারণেও ভুগছে রেস্তোরাঁ ব্যবসা। লন্ডন ও লন্ডনের বাইরের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, অর্থনৈতিক মন্দার কারণে রেস্তোরাঁয় বেচাবিক্রি কমে গেছে। চাইলেই আগের মত ব্যাংক ঋণ পাওয়া যায় না। আবার যারা কাঁচামাল সরবরাহ করেন তাঁরাও আগের মত ক্রেডিট সুবিধা (বিলম্বে অর্থ পরিশোধের সুযোগ) দিতে পারছেন না। আছে কর্মী নিয়োগ, লাইসেন্স ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইনের কড়াকড়ি। একজন অবৈধ কর্মী নিয়োগের জন্য সর্বোচ্চ ২০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার শিকার হয় রেস্তোরাঁগুলো।
বাঙালিদের মধ্যে একজন প্রভাবশালী রেস্তোরাঁ ব্যবসায়ী বজলুর রশিদ বলেন, তাঁর পরিবারের ১৫টি রেস্তোরাঁ ছিল। এখন অবশিষ্ট আছে মাত্র দুটি। আরেক ব্যবসায়ী মুকিম আহমদ বলেন, তাঁর চারটি রেস্টুরেন্টের মধ্যে সর্বশেষটি বিক্রি করেছেন গত মাসে। কর্মী সংকটের পাশাপাশি আইনি নানা ঝক্কি ঝামেলার কারণে তাঁরা রেস্টুরেন্ট ব্যবসা থেকে বেরিয়ে আসছেন বলে জানান।
রেস্তোরাঁ খাতের খবরাখবর নিয়ে প্রকাশিত দ্বিমাসিক ম্যাগাজিন ‘কারি লাইফ’ এর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা প্রথম আলোকে বলেন, তারা পোস্টের মাধ্যমে রেস্তোরাঁগুলোতে যেসব ম্যাগাজিন পাঠান প্রতিবারই প্রায় ৭০ থেকে ৮০টা ম্যাগাজিন ফেরত আসে। মালিকানা পরিবর্তন বা রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার কারণে এমনটি হয় বলে তিনি জানান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসার আধুনিকায়ন করতে না পারাটাও কারি হাউসগুলোর আরেকটি বড় সমস্যা বলে নাহাস পাশা মনে করেন।
পূর্ব লন্ডনের বাংলা টাউন এলাকা কারির রসনা বিলাসের জন্য প্রসিদ্ধ। গত কয়েক বছর ধরে এখানকার বাঙালি রেস্তোরাঁগুলো হাত বদল হয়ে ভিনদেশিদের কাছে চলে যাচ্ছে। অতি সম্প্রতি ‘ক্লিফটন’ নামে একটি বাঙালি রেস্তোরাঁ লোকসানের মুখে ছেড়ে দিলেও একই স্থানে একটি টার্কিশ রেস্তোরাঁ বর্তমানে বেশ জমজমাট ব্যবসা করছে।
তবে কি ভোজনরসিক পশ্চিমাদের কাছে ‘কারির’ কদর কমে যাচ্ছে?—এমন প্রশ্নের জবাবে বজলুর রশিদ বলেন, ‘মাঝে থাই খাবারের হিড়িক পড়েছিল, এখন দেখা যাচ্ছে টার্কিশ আর গ্রিল খাবার জনপ্রিয়। তবে এই জনপ্রিয়তা সাময়িক, কারির চাহিদা সব সময়ই থাকবে’। বিসিএ ‘র প্রেসিডেন্ট পাশা খন্দকারের মতে, বাঙালি রেস্তোরাঁগুলোতে যে খাবার বিক্রি হয় তা এখন ‘ব্রিটিশ কারি’। ফলে নানা সমস্যা সত্ত্বেও এই ব্যবসা টিকে থাকবে।
রেস্তোরাঁ মালিকদের সংগঠনগুলো বিদেশ থেকে কর্মী আনার নিয়ম শিথিল করার জন্য সরকারের সঙ্গে দেনদরবার করছে। তবে সরকারের পক্ষ বলা হয়েছে, স্থানীয় লোকবলকে প্রশিক্ষণ দিয়ে এই কর্মী সংকট মোকাবিলা করতে হবে।