কঠোর অভিবাসন নীতির পথে যাচ্ছে যুক্তরাজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ ত্যাগ করলে ইইউ বহির্ভূত দেশগুলোর অভিবাসীদের জন্য নিয়ম কিছুটা শিথিল হবে, এমনটাই প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু গণভোট পরবর্তী পরিবর্তিত ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড তাদের আশায় গুঁড়েবালি দিলেন।
গত মঙ্গলবার বার্মিংহামে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড কঠোর অভিবাসন নীতির ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থী (স্টুডেন্ট) ও কর্মী (ওয়ার্ক পারমিট) ভিসায় নতুন করে কড়াকড়ি আরোপের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই স্থানীয় কর্মী নিয়োগ দিতে হবে। বিদেশি কর্মী নিয়োগে নতুন শর্ত আরোপের ঘোষণা দেন মন্ত্রী। কোন প্রতিষ্ঠানে কতজন বিদেশি কর্মী কাজ করছে সেই তালিকা প্রকাশে বাধ্য করা হবে বলেও জানান তিনি। আবার বর্তমান নিয়মে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকরির আবেদনের যে সুযোগ রয়েছে সেটির কড়া সমালোচনা করেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানের মান ও পড়ার বিষয় বিবেচনায় বিদেশি শিক্ষার্থীদের প্রতি ভিন্ন ভিন্ন শর্ত আরোপের ইঙ্গিত দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দলীয় সম্মেলনে অ্যাম্বার রাড এই প্রথম অভিবাসন নিয়ে নতুন সরকারের পরিকল্পনা তুলে ধরলেন। বুধবার শেষ হয় কনজারভেটিভ পার্টির চার দিনের সম্মেলন। সম্মেলনে থেরেসা মেও অভিবাসন নিয়ন্ত্রণের বিষয়টিকে গুরুত্ব দেন। মূলত ইইউর নাগরিকদের অবাধে প্রবেশ ঠেকাতে যে গণভোট, সেটির রায় কার্যকর করার বিষয়টি প্রাধান্য পায় প্রধানমন্ত্রীর ভাষণে।
নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে যুক্তরাজ্যের বিরোধী দলীয় রাজনীতিক ও ব্যবসায়িক মহলে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। বিরোধী দল লেবার পার্টি সরকারের অভিবাসন বিষয়ক পরিকল্পনাকে ‘বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক’ আখ্যায়িত করে বলেছে, থেরেসা মের নেতৃত্বে টোরি পার্টি আবারও তাদের ‘নোংরা’ অতীতে ফিরে যাওয়ার পথ ধরেছে।