কঠোর নিরাপত্তায় সিসির শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের প্রেসিডেন্ট হিসেবে গতকাল শপথ নেন আবদেল ফাত্তাহ আল–সিসি
মিসরের প্রেসিডেন্ট হিসেবে গতকাল শপথ নেন আবদেল ফাত্তাহ আল–সিসি

মিসরের প্রেসিডেন্ট হিসেবে গতকাল রোববার শপথ নিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল-সিসি৷ তাঁর নেতৃত্বাধীন সেনাবাহিনী গত বছর দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে৷ এরপর গত মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন সিসি৷ খবর এএফপির৷
সাংবিধানিক আদালতে গতকাল শপথ নেন সিসি৷ এরপর তিনি বিদেশি নামী অতিিথদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন৷ অনুষ্ঠানে পশ্চিমা দেশগুলো থেকে তেমন কোনো প্রতিনিধি যোগ দেননি৷ নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করা এবং এরপর বিরোধীদের ওপর দমন-পীড়নের ঘটনায় নিন্দা জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব৷ গতকাল শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়৷ আশঙ্কা করা হচ্ছিল, সেনাসমর্থিত বেসামরিক সরকারের নির্দেশে নিষিদ্ধ মুরসির রাজনৈতিক দল ব্রাদারহুড রাস্তায় বিক্ষোভ বা সহিংস হামলা চালাতে পারে৷
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়৷ শপথে সিসি বলেন, ‘মহান আল্লাহর নামে আমি শপথ করছি, প্রজাতন্ত্রব্যবস্থা সমুন্নত রাখব, সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব, জনগণের স্বার্থকে গুরুত্ব দেব; রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব৷’
প্রেসিডেন্ট সিসি পরে কায়রোর ইত্তাহাদিয়া প্রেসিডেন্ট প্যালেসে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন৷ িফলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আরবের বিভিন্ন দেশের রাজা-বাদশা ও আফ্রিকার নেতারা এতে উপস্থিত ছিলেন৷
মধ্যপ্রাচ্যজুড়ে আরব বসন্তের ঢেউয়ে ২০১১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন কয়েক দশকের স্বৈরশাসক প্রেসিডেন্ট হোসনি মোবারক৷ কিন্তু এরপর রাজনৈতিক স্থিতিশীলতা না আসায় ক্ষমতা আবার চলে যায় সেনাবাহিনীর হাতে৷ একপর্যায়ে নির্বাচন দিতে বাধ্য হয় সেনাবাহিনী৷ ২০১২ সালের জুনে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি৷ কিন্তু তাঁর গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত এবং দেশকে তড়িঘড়ি করে ইসলামি প্রজাতন্ত্রে রূপান্তরের উদ্যোগে ক্ষুব্ধ হয় দেশের মানুষ৷ মুরসিকে হটাতে আবার রাজপথে নামে মানুষ৷ শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত৷ একপর্যায়ে তা মাত্রা ছাড়িয়ে গেলে হস্তক্ষেপ করে সেনাবাহিনী৷ এক বছরের মাথায় ক্ষমতাচ্যুত হয়ে বন্দী হন মুরসি৷ ক্ষমতা যায় সেনাবাহিনীর হাতে, সামনে চলে আসেন সেনাপ্রধান সিসি৷
আন্দোলনকারীদের এক পক্ষ সিসিকে স্বাগত জানালেও প্রবল প্রতিরোধ গড়ে তোলে মুরসির ব্রাদারহুড৷ শুরু হয় ব্যাপক দমন-পীড়ন৷ সহিংসতায় নিহত হয় প্রায় এক হাজার ৪০০ মানুষ৷ হাজার হাজার বিরোধী রাজনৈতিক কর্মী, বিশেষ করে ব্রাদারহুডের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়৷
মুরসিকে ক্ষমতাচ্যুত করার এক বছরের মাথায় মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হলো৷ প্রথম দিকে সিসি বলেছিলেন, তিনি নির্বাচনে লড়বেন না৷ কিন্তু একপর্যায়ে ‘জনগণের চাওয়ার প্রতি শ্রদ্ধা’র কথা বলে তিনি নির্বাচনের সিদ্ধান্ত নেন৷ এ জন্য ছেড়ে দেন সেনাপ্রধানের পদ৷ গত ২৬ থেকে ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একতরফাভাবে জয়ী হন৷ ৯৭ শতাংশের মতো ভোট পান তিনি৷
সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হয়ে যাওয়া সিসির সামনে এখন অনেক চ্যালেঞ্জ৷ গত তিন বছরের রাজনৈতিক সহিংসতার পর স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করাই হবে তাঁর প্রধান দায়িত্ব৷