কঠোর অস্ত্র আইনের দাবি নিহতদের পরিচয় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানেকটিকাট অঙ্গরাজ্যে বিদ্যালয়ে এক বন্দুকধারী গণহত্যা চালানোর পর যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি উঠেছে। এ দাবিতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়েছে। এদিকে বন্দুকধারীর গুলিতে নিহত ২৮ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে গত শনিবার।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি ওই হামলায় নিহতদের স্মরণে সেখানে প্রার্থনাসভায় যোগ দেন এবং নিহতদের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন।শুক্রবার হামলার পর যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ বিতর্ক নতুন করে শুরু হয়েছে। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের দাবি, নতুন আরেকটি ভয়াবহ হামলার আগেই অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক কঠোর আইন প্রণয়ন জরুরি।কানেটিকাটে হামলাকারী অ্যাডাম ল্যানজার কোনো মানসিক বৈকল্য ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে ল্যানজার সাবেক সহপাঠী, আত্মীয় ও প্রতিবেশীরা জানান, তাঁর মা-বাবার মধ্যে ২০০৯ সালে বিচ্ছেদ হয়। তাঁকে সব সময় বিষণ্ন দেখা যেত।অ্যাডাম ল্যানজার এক আত্মীয় এবিসি নিউজকে বলেন, তিনি মোটেই সুস্থ নন। বন্দুকধারী অ্যাডাম ল্যানজা (২০) আত্মহত্যার আগে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ১২ জন মেয়ে, আটজন ছেলে ও ছয়জন নারীকে শুক্রবার সকালে গুলি করে হত্যা করে। এর আগে বিদ্যালয় থেকে পাঁচ মাইল দূরে ইয়োগানানডা স্ট্রিটে নিজের বাড়িতে মা ন্যান্সি ল্যানজাকে হত্যা করেন তিনি। কানেটিকাটের প্রধান স্বাস্থ্য পরীক্ষক এইচ ওয়েইন কার্ভার বলেন, ল্যানজা একটি রাইফেল নিয়ে বিদ্যালয়ে ঢুকেছিলেন। তিনি নিহতদের সবাইকে খুব কাছ থেকে গুলি করেন।ল্যানজা ও তাঁর মা ছাড়া নিহত বাকি ২৬ জন হচ্ছে: শার্লট বেকন (৬), ড্যানিয়েল বার্ডেন (৭), র্যা চেল ডেভিনো (২৯), ওলিভিয়া এঞ্জেল (৬), জোসেফিন গে (৭), অ্যানা মার্কেজ-গ্রিন (৬), ডন হচসপ্রাং (৪৭), ডিলান হকলি (৬), ম্যাডেলিন সু (৬), ক্যাথেরিন হাবার্ড (৬), চেস কওয়ালস্কি (৭), জেস লুইস (৬), জেমস ম্যাটিওলি (৬), গ্রেস ম্যাকডোনেল (৭), অ্যান ম্যারি মার্ফি (৫২), এমিলি পার্কার (৬), জ্যাক পিন্টো (৬), নোয়াহ পোজনার (৬), ক্যারোলিন প্রেভিডি (৬), জ্যাসিকা রেকোস (৬), অ্যাভিলে রিচম্যান (৬), লরেন রুসো (৩০), ম্যারি শেরলাক (৫৬), ভিক্টোরিয়া সোটো (২৭), বেঞ্জামিন হুইলার (৬) ও অ্যালিসন ওয়াট (৬)।অ্যাডামের বাবা পিটার ল্যানজা বলেন, ‘আমার ছেলে কী কারণে ওই হত্যাকাণ্ডে জড়িত হলো, তা স্পষ্ট নয়। অবিশ্বাস্য ওই ঘটনায় আমরা কী রকম মর্মাহত হয়ে পড়েছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’কানেটিকাট পুলিশের মুখপাত্র লে. পল ভ্যান্স বলেন, হামলার কারণ অনুসন্ধান করা হচ্ছে। বেশ কিছু প্রমাণ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে আগেও এ রকম ভয়াবহ হামলা হয়েছে। ২০০৭ সালে ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির এক ছাত্রের আকস্মিক হামলায় ৩২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়। এএফপি, রয়টার্স ও বিবিসি।