কঠোর পাহারায় আছেন স্নোডেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন গোপন নজরদারির কার্যক্রম ফাঁস করা এডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় একটি গোপন জায়গায় কড়া পাহারায় বসবাস করছেন। মাঝেমধ্যে তিনি ছদ্মবেশে বের হন। এ অবস্থায় পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎও তাঁর নিরাপত্তাকে বিপন্ন করে তুলতে পারে বলে গতকাল সোমবার তাঁর আইনজীবী জানান।
স্নোডেন গত জুনে হংকং থেকে বিমানযোগে রাশিয়ার মস্কোতে পৌঁছান। তখন থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে সব ধরনের যোগাযোগ এড়িয়ে চলছেন। এমন প্রেক্ষাপটে স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচারেনা তাঁর মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছেন।
রাশিয়ার প্রসিদ্ধ সাপ্তাহিক সাময়িকী ইতোগিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে কুচারেনা বলেন, ‘এ মুহূর্তে আমিই সারা বিশ্বে তাঁর (স্নোডেনের) একমাত্র যোগাযোগের মাধ্যম। এমনকি তাঁর মা-বাবার সঙ্গে তাঁর যোগাযোগও আমার মাধ্যমে হয়ে থাকে।’এএফপি।