কত তেলসম্পদের মালিক পুতিন?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ অংশ হয়তো একটিমাত্র বাক্যে সীমাবদ্ধ। ওই একটি বাক্যেই অভিযোগের বিস্ফোরণ ঘটানো হয়েছে: পুতিন বিশ্বের ৪ নম্বর তেল কোম্পানি গুনভর থেকে নিজেই অনেক ফায়দা লুটেছেন।
যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার যেসব ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাঁদের মধ্যে ব্যবসায়ী গেনেডি তিমশেঙ্কোও রয়েছেন। পুতিনের দীর্ঘদিনের চেনাজানা এই মানুষটি জেনেভাভিত্তিক গুনভর কোম্পানির মালিকদের একজন ছিলেন। বিশ্বের মোট তেল ব্যবসার প্রায় ৩ শতাংশ এ কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে।
নিষেধাজ্ঞা ঘোষণার সময় মার্কিন অর্থ দপ্তরের বিবৃতিতে ক্রেমলিনের শাসক ও সরকারপ্রধান হিসেবে ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের মুখে ঠেলে দিয়েছে পুতিনকে। বিবৃতিতে বলা হয়, ‘জ্বালানি খাতে তিমশেঙ্কোর কর্মকাণ্ড সরাসরি পুতিনের সঙ্গে সম্পৃক্ত। গুনভর কোম্পানিতে পুতিনের বিনিয়োগ রয়েছে এবং কোম্পানির তহবিলে তাঁর প্রবেশাধিকার থাকতে পারে।’
তবে গুনভর কোম্পানিতে পুতিনের বিনিয়োগ এবং কোম্পানির তহবিলে পুতিনের ঠিক কেমন প্রবেশাধিকার রয়েছে, তা জানাতে অস্বীকৃতি জানায় মার্কিন অর্থ দপ্তর। গুনভর কোম্পানি ওই বিবৃতির কড়া নিন্দা জানিয়ে বলেছে, বিবৃতিটি ‘অবমাননাকর’ এবং ‘ভয়ংকর মিথ্যা’।
গুনভর শুরু থেকেই বলে আসছে, কোম্পানির মালিকানা ৪৫ শতাংশ তিমশেঙ্কোর। বাকি ৫৫ শতাংশের মধ্যে ৪৫ শতাংশের মালিকানা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা টোরবজর্ন টোরঙ্কভিস্টের এবং ১০ শতাংশের মালিকানা কোম্পানির কর্মীদের। রয়টার্স।