কথা অনেক হলো প্রাপ্তি নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর সহায়তায় গঠিত তহবিল ‘গ্রিন ক্লাইমেট ফান্ডে’ মাত্র ২৩০ কোটি ডলার জমা দেওয়ার প্রতিশ্রুতি মিলল জাতিসংঘের জলবায়ু সম্মেলনে। এ বছরের মধ্যে এই তহবিলে পাক্কা এক হাজার কোটি ডলার জমা পড়ার কথা। নিউইয়র্কে দিনব্যাপী এই সম্মেলনে নগদ প্রাপ্তি বলতে এটাই। আর উল্লেখযোগ্য অর্জন হলো, কার্বন দূষণ কমাতে প্রথমবারের মতো উঠতি অর্থনীতির দেশ চীনের প্রতিশ্রুতি।
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন বিশ্বনেতারা। তবে এর জবাবে প্রতিশ্রুতি পাওয়া গেছে সামান্যই।
সম্মেলনে যে ২৩০ কোটি ডলারের প্রতিশ্রুতি মিলল, এর মধ্যে জার্মানি আর ফ্রান্সই দেবে ২০০ কোটি ডলার। অথচ এ বছরের শেষ নাগাদ এই তহবিলে এক হাজার কোটি ডলার জমা পড়ার কথা। ২০২০ সাল নাগাদ তা বছরে ১০ হাজার কোটি ডলার হবে। এবার তহবিলে অর্থ সহায়তাকারী দেশগুলোর মধ্যে আছে সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও নরওয়ে।
বিশ্বের সবচেয়ে বেশি কার্বন দূষণকারী দেশ চীন প্রথমবারের মতো কার্বন নিঃসরণ রোধে কঠোর কর্মসূচি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলি দেশটির অর্থনীতিকে ২০২০ সালের মধ্যে আরও বেশি পরিবেশের অনুকূল করে তোলার প্রতিশ্রুতি দেন।
চীনের উপপ্রধানমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে তাঁর দেশ ২০০৫ সালের তুলনায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রতি এককে কার্বন নিঃসরণ ৪৫ ভাগ কমাবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের দায় বহনকারী বড় দেশ হিসেবে চীন এর ক্ষতি রোধে ব্যাপক কর্মসূচি নেবে।
গত মঙ্গলবার আয়োজিত সম্মেলন উপলক্ষে নিউইয়র্কের রাস্তায় তিন লাখের বেশি মানুষের অভূতপূর্ব সমাবেশ হয়। বিশ্বের ১৬০টির বেশি দেশে অনুষ্ঠিত হয় দুই হাজারের বেশি শোভাযাত্রা ও মানববন্ধন।
২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের পর এবারের শীর্ষ সম্মেলনটি ছিল সবচেয়ে বড়। আগামী বছর প্যারিসে অনুষ্ঠেয় সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে একটি কার্যকর সুদূরপ্রসারী কার্যক্রম হাতে নিতে বিশ্বনেতাদের কাছ থেকে রাজনৈতিক প্রতিশ্রুতি আদায় ছিল এবারের লক্ষ্য।
সম্মেলনের সমাপনী অধিবেশনে আয়োজক জাতিসংঘের মহাসচিব বান কি মুন আশাবাদই শোনান। তাঁর উচ্চারণ, ‘এর আগে কখনোই বিশ্বের এতগুলো দেশের সরকারপ্রধানেরা জলবায়ু পরিবর্তন রোধে পরিকল্পনা গ্রহণে একজোট হননি।’
তবে আন্তর্জাতিক দাতব্য সংগঠন অক্সফামের জলবায়ু নীতি বিভাগের প্রধান টিম গোর বলছেন, জলবায়ু সম্মেলনে খুব কমই সাড়া মিলেছে।