কথাকে কাজে রূপ দিতে হিমশিম খাচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার পর ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। শোকাহত ভারত তখন প্রতিশ্রুতি দিয়েছিল, যৌন অপরাধের বিরুদ্ধে লড়াই করা হবে। প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা হচ্ছে?বর্বরোচিত সেই ঘটনার পর আজ ভারতী কাগরার ছিন্নবস্ত্র আর চোখের জল সাক্ষ্য দিচ্ছে, সেই প্রতিশ্রুতি কেবল প্রতিশ্রুতিই। তা বাস্তবায়নের কোনো বালাই নেই। সেখানে ক্রমবর্ধমানভাবে ঘটে চলেছে যৌন অপরাধ।নয়াদিল্লিতে সেই ঘটনা ঘটেছিল গত বছরের ১৬ ডিসেম্বর। ছয় হামলাকারীর পাশবিক নির্যাতনের পর সেই মেডিকেলছাত্রী ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর দেশটির আইনপ্রণেতারা যৌন অপরাধের জন্য কড়া শাস্তির বিধান রেখে আইন পাস করেন। তাঁরা নারীর জন্য ‘নিরাপদ ভারত’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।তবে, বাস্তবতা একেবারে ভিন্ন। কেবল পুলিশের হিসাবই বলছে, নির্যাতনের শিকার মেডিকেলছাত্রী নিহত হওয়ার পর থেকে এ পর্যন্ত নয়াদিল্লিতে ৮১২ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। ভারতী কাগরা (তিনি তাঁর নাম প্রকাশ করার অনুমতি দিয়েছেন) সেই ৮১২ জনেরই একজন।কাগরা নির্যাতনের প্রমাণ হিসেবে তাঁর ছিন্নবস্ত্র নিয়ে হাজির হন দক্ষিণ দিল্লির একটি থানায়। তিনি জানান, স্বামী ও দেবর মিলে তাঁকে এই হাল করেছেন। তবে থানায় গিয়ে এ বিষয়ে একটি মামলা করতে তাঁকে নানাভাবে বেগ পেতে হয়েছে। ভারতের ধর্ষণবিরোধী নতুন আইনে বলা আছে, প্রতিটি থানায় অন্তত একজন করে নারী কর্মকর্তা থাকা বাধ্যতামূলক, যিনি শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনাগুলো নথিভুক্ত করবেন। তবে মতিবাগ নামের এই থানায় কোনো নারী কর্মকর্তা নেই।কাগরা থানার ভেতরে থাকা অবস্থায় অভিযোগ করে বলেন, ‘প্রথমে ওই মানুষ দুটো (স্বামী ও দেবর) আমাকে নিগৃহীত করেছে। এখন যখন আমি বিচার চাইতে থানায় এলাম, এখানে পুলিশও আমাকে অসম্মান করল।... এমনকি কেউ কেউ আমাকে উপদেশ দিয়েছে, আমি যেন স্বামীর সঙ্গে আপস করে নিই।’শেষ পর্যন্ত অনেক চিৎকার ও কান্নাকাটির পর কাগরার অভিযোগটি থানায় নথিভুক্ত করা হয়। কাগরা মূলত একটি কারণেই তাঁর নাম প্রকাশ করার অনুমতি দিয়েছেন। তা হলো, ভারতের নারীরা এ ধরনের অভিযোগ নিয় থানায় গেলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তা তুলে ধরা। বর্তমানে ভারতের পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে মাত্র ৬ দশমিক ৫ শতাংশ নারী। যৌন অপরাধবিষয়ক নতুন আইনটি বাস্তবে প্রয়োগ করতে হলে দেশটির চলতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে।মানবাধিকার গ্রুপগুলোর মতে, দিল্লির সেই ঘটনা ভারতের মানুষের বিবেকে নাড়া দিলেও বাস্তবতায় এখনো কোনো পরিবর্তন আসেনি। তাদের মতে, প্রকৃত পরিবর্তন তখনই আসবে, যখন পিতৃতান্ত্রিক ও যৌনবিষয়ক দৃষ্টিভঙ্গিতে বৃহৎ পরিসরে পরিবর্তন ঘটবে।নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর সোশ্যাল রিসার্চের পরিচালক রঞ্জনা কুমারী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিশেষ করে পুলিশের মানসিকতা পরিবর্তনের জন্য যথেষ্ট কোনো উদ্যোগ আমি দেখছি না।’ দিল্লির পুলিশ বলছে, ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২৪ মার্চ মেয়াদে থানায় যে সংখ্যায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল, চলতি বছরের একই সময়ে তা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এএফপি।