
ভারতের লোকসভা নির্বাচনের মাঝপথে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই বিরোধী শিবির কংগ্রেস ও বিজেপির মধ্যে কথার লড়াই আরও তীব্র হচ্ছে। কংগ্রেসের গান্ধী পরিবার ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির মধ্যে সেই কথার লড়াই এখন ব্যক্তিগত পর্যায়ে আক্রমণে রূপ নিয়েছে। এক পক্ষ থেকে আক্রমণের পর অন্য পক্ষ দ্রুত পাল্টা আক্রমণ করছে।
গান্ধী পরিবার ও নরেন্দ্র মোদির ব্যক্তিগত আক্রমণের এক দফা দেখা গেল গত শনিবার। ওই দিন পাঞ্জাবের বারনালা জেলায় এক নির্বাচনী সমাবেশে মোদির ‘গুজরাট মডেলের’ সমালোচনা করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘এই ধরনের মডেলের হাত থেকে ঈশ্বর দেশকে রক্ষা করুন। এই মডেলের অনেক সমস্যা।’

সোনিয়ার মতো তাঁর ছেলে কংগ্রেসের রাহুল গান্ধীও একই দিন মোদির দিকে আক্রমণের তির ছোড়েন। গুজরাটের ভবনগর লোকসভা আসনে সমাবেশে তিনি বলেন, ‘এই গুজরাট থেকেই পাওয়া গিয়েছিল মহাত্মা গান্ধীর মতো নেতা, যিনি সারা জীবন কাটিয়েছেন সত্যের সন্ধানে। আর মোদি সব সময় থাকেন মিথ্যার খোঁজে, বলেন মিথ্যা। দিনে পাঁচ-ছয়টি মিথ্যা না বলতে পারলে তাঁর ঘুম হয় না।’
গান্ধী পরিবারের মা-ছেলের এই আক্রমণের জবাব দিতে মোটেই সময় নেননি গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি। গুজরাটের সুরাট শহরে এক সমাবেশে তিনি বলেন, ‘মিথ্যা বলার প্রতিযোগিতায় নেমেছেন মা-ছেলে। মা যদি একটি মিথ্যা বলেন, ছেলে বলেন দুটি। ছেলে দুটি বললে, মা বলেন তিনটি।’

গুজরাট মডেল নিয়ে সোনিয়া-রাহুলের সমালোচনার জবাবে মোদি বলেন, ‘একজন চা বিক্রেতা তাঁদের সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করায় তাঁরা বিচলিত হয়ে পড়েছেন। আমার নাম না নিতে পারলে মা-ছেলের পেটের ভাত হজম হয় না।’
মোদির এসব শাণানো সমালোচনায় বিদ্ধ হয়ে পাল্টা তির যে শুধু সোনিয়া-রাহুলই ছুড়ছেন, তা নয়। জবাব দিচ্ছেন গান্ধী পরিবারের আরেকজন, সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। এমনিতে মোদি শিবির থেকে ব্যক্তিগত আক্রমণের বড় তিরটা বিঁধছে প্রিয়াঙ্কার গায়ে। তাঁর স্বামী রবার্ট ভদ্রকে রীতিমতো মশকরার পর্যায়ে নামিয়ে এনেছে মোদির দল। কংগ্রেস যখনই মোদির উন্নয়নের গুজরাট মডেলের সমালোচনা করার চেষ্টা করছে, তখন বিজেপি সামনে নিয়ে আসছে ভদ্রকে। তারা বলছে, মোদি মডেল যদি খারাপ হয়ে থাকে, তাহলে বলুন তো ভদ্র মডেলটা কেমন? কংগ্রেসের চলতি শাসনামলে দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে ভদ্রের নাম। ভদ্র মডেল বলতে মশকরা করে সেটাকেই ইঙ্গিত করছে বিজেপি।
তাই তো ক্ষুব্ধ প্রিয়াঙ্কা সুযোগ পেলেই মোদিকে ছাড়ছেন না। মোদির এক বক্তব্যের জবাবে গতকাল রোববার উত্তর প্রদেশের গোরখপুরে নির্বাচনী সমাবেশ তিনি বলেন, ‘দেশ চালাতে ৫৬ ইঞ্চি বুকের পাটা লাগে না, লাগে বড় হূদয়। দেশ শাসন করতে অশুভ শক্তির দরকার নেই, দরকার নৈতিক বল।’ ‘৫৬ ইঞ্চি বুকের পাটা’র বিষয়টি তুলেছেন মোদিই। ওই গোরখপুরেই সমাবেশে তিনি বলেছিলেন, ‘উত্তর প্রদেশকে গুজরাট বানাতে হলে বুকের পাটা ৫৬ ইঞ্চি হওয়া চাই।’
সর্বশেষ ব্যক্তিগত আক্রমণের অংশ হিসেবে গতকাল বিকেলে গান্ধী পরিবারের জামাই রবার্ট ভদ্রকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে বিজেপি। হরিয়ানা ও রাজস্থানে ভদ্রের জমি দখলের বিবরণ দিয়ে তৈরি করা হয় ভিডিওটি। এতে অভিযুক্ত করা হয় সোনিয়া ও রাহুলকেও। জবাব চাওয়া হয়েছে গান্ধী পরিবারের কাছ থেকে। জবাব হিসেবে পাল্টা কোনো তির হয়তো আজ সোমবার ছোড়া হবে মোদির দিকে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।