কদিন পরেই এক বিরল দৃশ্য

কয়েক দিনের মধ্যেই বিশ্ববাসী রাতের আকাশে এমন এক বিরল দৃশ্য দেখতে পারবে, যা ঘটতে এক প্রজন্ম বা তারও বেশি সময় লাগে। ইসন নামের একটি ধূমকেতু আগামী ৩ ডিসেম্বর পূর্ব দিগন্তে দেখা যাবে। পৃথিবীর উত্তর গোলার্ধের লাখো মানুষ ইসনের লেজ দেখতে পারবে। কয়েক লাখ কিলোমিটার দৈর্ঘ্যের এ লেজ পুরো ডিসেম্বরজুড়েই ভোরের আকাশে দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, ইসন এসেছে উরট (সৌরমণ্ডলের প্রান্তদেশ) বলয় থেকে। সেখানে এ ধরনের অসংখ্য ধূমকেতু রয়েছে। ইসন সেখানে রয়েছে ৪৬০ কোটি বছর ধরে। এটা ‘সানগ্রেজার’ গোত্রের ধূমকেতু, যা সূর্যের পৃষ্ঠদেশের একেবারে কাছ দিয়ে অতিক্রম করে। ফলে ছোট ধূমকেতুগুলো অতিক্রমের সময় বাষ্পীভূত হয়ে যায়। আর বড়গুলো টিকে থাকলেও খণ্ড খণ্ড হয়ে যেতে পারে।
প্রতি দশকে অনেক ধূমকেতু সৌরমণ্ডলকে অতিক্রম করে। তবে খুব কমই সূর্যের আলোর বলয় অতিক্রম করতে পারে। ইসন ২৮ নভেম্বর তা করতে পারে। বিবিসি।