কনকর্ডিয়াকে সোজা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির জিলিও দ্বীপের কাছে সাগরে প্রায় ২০ মাস কাত হয়ে পড়ে থাকার পর গতকাল মঙ্গলবার প্রমোদতরি কোস্টা কনকর্ডিয়াকে সোজা করা হয়েছে। বলা হচ্ছে, দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্ধারে ইতিহাসে সবচেয়ে বড় ধরনের অভিযান এটি।
প্রকৌশলীরা জানিয়েছেন, পুরো অভিযান শেষ করতে অন্তত ১৯ ঘণ্টা লেগেছে। কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিকে এরই মধ্যে ডুবো শিলাখণ্ড থেকে ছাড়িয়ে সাগরের ওপরই নির্মিত একটি প্ল্যাটফর্মে নেওয়া হয়েছে।
গত বছরের জানুয়ারিতে ইতালির পশ্চিম উপকূলীয় দ্বীপ জিলিওর অদূরে শিলাখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে যায় জাহাজটি। এতে তখন চার হাজার ২২৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ৩২ জন নিহত হন।
৯৫১ ফুট দীর্ঘ ও এক লাখ সাড়ে চৌদ্দ হাজার টন ওজনের কনকর্ডিয়ার উদ্ধারকাজের শুরুতে বেশ বেগ পেতে হয় প্রকৌশলীদের। তবে এখন সোজা করা সম্ভব হওয়ায় এটিকে সহজেই তীরে ভেড়ানো যাবে বলে আশা করা হচ্ছে। এএফপি।