কনজারভেটিভ পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা
ব্রেক্সিট কার্যকর বা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের সদস্যপদ পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন কনজারভেটিভ পার্টির নেতা থেরেসা মে। আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের হ্যালিফেক্সে ঘোষিত ইশতেহারে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্রেক্সিট বাস্তবায়নকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই গত এপ্রিলে থেরেসা মে হুট করেই মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন। আগামী ৮ জুন এ নির্বাচন হবে।
সাত বছর ধরে ক্ষমতায় থাকা দলটির ইশতেহারে কোনো চমক যে থাকবে না, তা আগে থেকেই অনুমেয় ছিল। থেরেসা মে মাত্র ১৫ মিনিটে তাঁর বক্তব্য শেষ করেন। বক্তব্যের পরতে পরতে তিনি ব্যাখ্যা করেন, ব্রেক্সিট বাস্তবায়নকে ঘিরে যুক্তরাজ্যের সামনে কতটা কঠিন সময় অপেক্ষা করছে; যা মোকাবিলা করার জন্য অতীতের যেকোনো সময়ের তুলনায় স্থিতিশীল ও শক্তিশালী নেতৃত্ব এখন বেশি জরুরি। ইইউর সদস্যপদ পুরোপুরি ত্যাগ করে স্বাধীনভাবে বৈশ্বিক পরিসরে বাণিজ্য ও নেতৃত্ব দেওয়ার অপার সুযোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, একমাত্র কনজারভেটিভ পার্টিই ব্রেক্সিটের ফাঁক গলে ভবিষ্যৎ দেখার দৃষ্টি নিয়ে পরিকল্পনা ঘোষণা করেছে।
ইইউর বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের প্রবেশ আরও নিয়ন্ত্রণে কঠোর হওয়ার প্রতিশ্রুতি রয়েছে থেরেসা মের ইশতেহারে। বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠানগুলোকে এখন বছরপ্রতি একটি ফি (স্কিল সারসার্জ) দিতে হয়। বিদেশি কর্মী নিয়োগ আরও নিরুৎসাহিত করতে এই ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন তিনি। বিনা মূল্যে স্বাস্থ্যসেবা যুক্তরাজ্যের ঐতিহ্য ও গৌরবের বিষয়। কিন্তু কনজারভেটিভ সরকার ২০১৪ সালে বিদেশিদের জন্য বছরপ্রতি ফি চালু করে। নতুন ইশতেহারে এই ফি আরও বাড়িয়ে দেওয়ার ঘোষণা রয়েছে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের অভিবাসন হিসাব থেকে বাদ দেওয়ার যে দাবি ছিল, তা-ও নাকচ করে দেওয়া হয়েছে।
মোট অভিবাসন বছরে এক লাখের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতির নবায়ন করেছেন থেরেসা মে। এই টোপ ফেলেই ২০১০ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বে ক্ষমতায় এসেছিল কনজারভেটিভ। ওই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে ক্যামেরন ইইউর অবাধ অভিবাসন নীতিকে দায়ী করেন। ২০১৫ সালের নির্বাচনে ইইউতে থাকা না-থাকা নিয়ে গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি। যার পথ ধরে গত বছর অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের মানুষ ইইউর সঙ্গে বিচ্ছেদের পক্ষে রায় দেয়। গণভোটে ইইউর পক্ষে প্রচার চালানো ক্যামেরন ফলাফল মেনে নিয়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। তাঁর স্থলাভিষিক্ত হওয়া থেরেসা মে আবারও একই টোপ ফেললেন। ভাষ্যকারেরা বলছেন, অর্থনীতির মারাত্মক ক্ষতিসাধন ছাড়া এই প্রতিশ্রুতি পূরণ সম্ভব নয়।
বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা (সোশ্যাল কেয়ার), প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে খাবার, মানসিক ব্যাধি মোকাবিলা, স্বাস্থ্যসেবা, আবাসন বিষয়ে নতুন ঘোষণা রয়েছে ইশতেহারে। বেশির ভাগ প্রতিশ্রুতি নিয়েই সমালোচনা উঠেছে যে এগুলো অধিকসংখ্যক মানুষের দুর্ভোগ বাড়াবে।