কন্যাশিশুর বাবা হয়েছেন কিম জং-উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কন্যাশিশু হয়েছে এবং বাবা হিসেবে তিনি দারুণ। যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান এ কথা জানান।
গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধের কারণে উত্তর কোরিয়ার খবর খুব কমই প্রকাশিত হয়। এ কারণে দেশটির নেতা উনের ব্যক্তিগত জীবন সম্পর্কেও তেমন তথ্য জানা যায় না। ‘বাস্কেটবল কূটনীতির’ অংশ হিসেবে গত সপ্তাহে উত্তর কোরিয়া সফর করেন রডম্যান।
যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান-এর সঙ্গে সাক্ষাৎকারে রডম্যান জানান, তিনি উনের পরিবারের সঙ্গে সাগরপাড়ে সময় কাটিয়েছেন। রডম্যান বলেন, ‘আমরা মজার সময় কাটিয়েছি। আমি উনের কন্যাশিশু জু-এয়িকে কোলে নিয়েছি, তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছি। উন বাবা হিসেবে দারুণ এবং তাঁর চমৎকার একটি পরিবার আছে।’
গত বছর উনের স্ত্রী রি সোল-জুর কিছু ছবি দেখে তাঁকে সন্তানসম্ভবা বলে ধারণা করে গণমাধ্যমে খবর বেরিয়েছিল। তবে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। বিবিসি।