কফি আনানের প্রস্তাবে নতুন করে জবাব দিয়েছে সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রক্তপাত বন্ধে জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনানের ছয় দফা প্রস্তাবের বিষয়ে নতুন করে জবাব দিয়েছে কর্তৃপক্ষ। কফি আনানের একজন মুখপাত্র গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের ওই মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদিত ওই ছয়টি পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছে সিরীয় সরকার। আনান বর্তমানে সেগুলো পড়ে দেখছেন এবং স্বল্প সময়ের মধ্যে তিনি উত্তর দেবেন। কফি আনান যে ছয়টি পরিকল্পনা উপস্থাপন করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে বিক্ষোভ ছড়িয়ে পড়া এলাকাগুলো থেকে সরকারি সেনা ও ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর এবং যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া। এ ছাড়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর গত এক বছরে আটক হওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।এর আগে গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে কফি আনানের ওই পরিকল্পনার বিষয়ে সিরিয়ার সরকার প্রথম জবাব দেয়। তবে সে সময় তিনি আরও স্পষ্ট জবাব দেওয়ার জন্য দামেস্কের প্রতি আহ্বান জানান। বিশেষ দূত আনানের প্রেরিত একটি দল সিরিয়া কর্তৃপক্ষের সঙ্গে তিন দিন ধরে আলোচনা শেষে ফেরার পরপরই দেশটির পক্ষ থেকে নতুন এ জবাব এল। নির্বাচন স্থগিত করতে আসাদকে পার্লামেন্টের আহ্বান: আগামী ৭ মে অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করতে প্রেসিডেন্ট আসাদের প্রতি আহ্বান জানিয়ে সিরিয়ার পার্লামেন্ট বলেছে, সংস্কার কর্মসূচি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে আরও সময় লাগবে। গতকাল অনুষ্ঠিত পার্লামেন্টের অধিবেশনে এ আহ্বান জানানো হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে।দামেস্কে দূতাবাস বন্ধ করেছে তুরস্কতুরস্ক সরকার গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সে দেশের দূতাবাস বন্ধ করে দিয়েছে। সিরিয়ার নিরাপত্তা-পরিস্থিতির অবনতির কারণে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তুরস্ক সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ‘দূতাবাসের কার্যক্রম বন্ধের মাধ্যমে দামেস্ক সরকারের প্রতি কঠিন রাজনৈতিক বার্তা পাঠানো হয়েছে।’এএফপি।