কফিপানে অবসাদ কমে নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি বেশি কফিপান নারীদের অবসাদ কমাতে সাহায্য করে। নতুন একটি গবেষণায় এ ফলাফল পাওয়া গেছে।তবে বিষয়টির কার্যকারণ নিয়ে গবেষকেরা নিজেরাও স্পষ্ট নন। তাঁদের মতে, কফিতে ক্যাফেইন নামের যে উপাদান বিদ্যমান, তা মানুষের মস্তিষ্কের রাসায়নিকের পরিবর্তন ঘটায়। এ কারণেই এমনটি ঘটতে পারে। কারণ যাঁরা ক্যাফেইনমুক্ত কফি পান করেন, তাঁদের ক্ষেত্রে ওই ফলাফল লক্ষ করা যায়নি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল গবেষক এ গবেষণা পরিচালনা করেন। গবেষণার ফলাফল আর্কাইভস অব ইন্টারন্যাশনাল মেডিসিন-এ প্রকাশিত হয়েছে।গবেষকেরা ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৫০ হাজারের বেশি মার্কিন সেবিকার স্বাস্থ্যের ওপর নজর রাখেন। ওই নারীদের বিভিন্ন প্রশ্ন করে তাঁদের কফিপান সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে, শুধু তার ওপর নির্ভর করা হয়েছে। দেখা গেছে, উল্লিখিত সময়ে দুই হাজার ৬০০-এর কিছু বেশি নারী অবসাদে ভুগেছেন। এই নারীদের বেশির ভাগই একেবারেই কফিপান করেন না বা করলেও খুবই সামান্য করেন। যাঁরা সপ্তাহে ক্যাফেইনযুক্ত এক কাপ বা তার নিচে কফি পান করেন, তাঁদের অবসাদগ্রস্ত হয়ে পড়ার ঝুঁকি যাঁরা প্রতিদিন কমপক্ষে দুই কাপ কফি পান করেন, তাঁদের চেয়ে ১৫ ভাগ বেশি। আর যাঁরা দিনে চার কাপ করে কফি পান করেন, তাঁরা এ ঝুঁকি ২০ ভাগ পর্যন্ত কমাতে সক্ষম হন। তবে গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত কফি পান করেন, তাঁরা ধূমপান ও মদ্যপানে অভ্যস্ত এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামাজিক অনুষ্ঠানে যোগদানে কম আগ্রহী। বিবিসি অনলাইন।