কফির দিন কি শেষ?

ইদানীং কফিপ্রেমিকেরা অভিযোগ করছেন, স্বাদ আর আগের মতো নেই। যদিও কফির দাম বাড়ছে ক্রমশ। সম্প্রতি লন্ডনের কিউ কলেজের বিজ্ঞানীরা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে কফি উৎপাদনের উপযোগী জমির পরিমাণ দিন দিন কমছে।
উন্নত মানের কফি উৎপাদনের জন্য ইথিওপিয়া বিখ্যাত। সেখানে আরবীয় (অ্যারাবিকা) কফি বীজের চাষ হয়। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় কফি রপ্তানিকারক দেশ ইথিওপিয়া। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী শতাব্দীর মধ্যে এ অঞ্চলের কফি চাষ ঝুঁকির মুখে পড়বে বলে এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। ১৯ জুন নেচার প্ল্যান্টস নামের একটি জার্নালে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
বিবিসিকে গবেষক অ্যারন ডেভিস বলেন, ‘ইথিওপিয়া ও অন্যান্য কফি উৎপাদনকারী অঞ্চলে যদি দরকারি পদক্ষেপ না নেওয়া হয়, তবে আমরা কফি কম পাব। এর স্বাদও খারাপ হবে এবং দামও বেড়ে যাবে।’
অবশ্য ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন (আইসিও) বলছে, টানা তিন বছরের মতো কফির উৎপাদন বেড়েছে। দাম বাড়েনি বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
কিন্তু কফি রপ্তানিকারকেরা বলছেন, বর্তমানে তাদের মজুতের পরিমাণ কমে এসেছে। আইসিও বলছে, ব্রাজিল ও ভিয়েতনাম—এ দুটি দেশ সবচেয়ে বড় কফি উৎপাদনকারী দেশ। এ দুটি দেশের অনুকূল আবহাওয়া নিয়ে চলতি বছরের শুরুর দিক থেকে কিছুটা উদ্বেগ ছিল। সাময়িকভাবে তা কেটে গেলেও এখনো আবহাওয়া নিয়ে সামগ্রিক শঙ্কা যায়নি। এ কারণে আগামী কয়েক মাস কফি বীজের উৎপাদন কমে যেতে পারে।
বিশ্ব কফি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক টিম শিলিং বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে উচ্চমানের কফির সরবরাহ ব্যাপক হুমকির মুখে পড়েছে। এর সঙ্গে আছে বিভিন্ন রোগ-জীবাণু ও কীটপতঙ্গের সমস্যা। কফি উৎপাদনের মতো উপযোগী জমি কমে যাচ্ছে এবং এ ক্ষেত্রে খুব বেশি দক্ষ শ্রমিকও পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রতিবছরই উচ্চমানের কফির চাহিদা বাড়ছে।’
তিনি আরও জানান, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় কফির মান কমে যাচ্ছে। এতে করে সর্বোচ্চ মানের কফির দাম অচিরেই বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন টিম শিলিং।
সংকটের মুখে ইথিওপিয়া ও ব্রাজিল
বর্তমানে গ্রিনহাউস গ্যাস যে হারে নিঃসৃত হচ্ছে, সেটি বজায় থাকলে ২১০০ সালের মধ্যে আফ্রিকা অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি এই পূর্বাভাস দিয়ে রেখেছে।
কিউ গার্ডেনসের গবেষণায় বলা হয়েছে, এই শতাব্দীর শেষ নাগাদ যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তবে ইথিওপিয়ার কফি উৎপাদনকারী এলাকা ৬০ শতাংশ কমে যেতে পারে।
কিউ গার্ডেনস আরও বলেছে, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ যদি পূর্বাভাসের চেয়ে কমও হয়, তা-ও কফি উৎপাদনকারী এলাকা সংকুচিত হবে প্রায় ৫৫ শতাংশ। সংস্থাটির দেওয়া গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক জাস্টিন মোট বলেন, এতে করে ইথিওপিয়ার কফিনির্ভর অর্থনীতি দীর্ঘমেয়াদি সংকটে পড়বে। দেশটির দেড় কোটি মানুষ জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কফির ওপর নির্ভর করে।
স্থানীয় কৃষক জামাল কাসিম বলেন, গত ১০ বছরে ইথিওপিয়ার কফি চাষের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে যেখানে প্রচুর কফি উৎপাদিত হতো, এখন সেখানে আছে শুধুই অনুর্বর ভূমি। কফি চাষ করে সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে।
ব্রাজিল বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ। কিন্তু খরা ও কম বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির কফি উৎপাদন। তিন বছর ধরে দেশটিতে গড় পরিমাণের চেয়েও কম বৃষ্টি হচ্ছে। এর ফলে জমিতে সেচের কাজ ব্যাহত হচ্ছে। এতে করে কফির মানে নেতিবাচক প্রভাব পড়ছে।
চলতি বছরের শুরুর দিকে প্রথমবারের মতো কফির বীজ আমদানির ব্যাপারে আলোচনা শুরু করেছিল ব্রাজিলের সরকার। তবে স্থানীয় উৎপাদনকারীদের বাধার মুখে তা আর বাস্তবে রূপ নেয়নি।
তবে উপায়?
গবেষকেরা বলছেন, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এ পরিণতি এড়ানো যাবে। এ জন্য কফি উৎপাদনকারী অঞ্চল পুনর্বিন্যাস করতে হবে। একই সঙ্গে বনাঞ্চল সংরক্ষণের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে এবং নতুন করে গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করতে হবে। এতে করে কফি উৎপাদন বাড়ানো সম্ভব।
গবেষকেরা বলছেন, কফির জন্য চাষযোগ্য জমি পেতে এখন বন ধ্বংস করা হচ্ছে। তবে ব্রাজিল বা ইথিওপিয়ার মতো দেশগুলোতে কফির ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০১৪ সালেই আরবীয় জাতের কফির জিন বিন্যাস সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এতে করে অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ার উপযোগী কফির জাত বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
অন্যদিকে বিশ্ব কফি গবেষণা ইনস্টিটিউট অ্যারাবিকা কফির জাত নতুন করে সৃষ্টির জন্য কাজ করছে। উন্নত জাতের এসব অ্যারাবিকা কফি পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে এবং এর উৎপাদন ক্ষমতাও বেশি হবে।
কিন্তু প্রযুক্তিগত এই উন্নয়ন রাতারাতি হবে না। ফলে তত দিন পর্যন্ত কফিপ্রেমিকদের বেশি দাম দিয়েই উন্নত মানের কফি কিনতে হবে। যদিও সেই কফি আর আগের মতো সুস্বাদু হবে না।
বিবিসি অবলম্বনে অর্ণব সান্যাল