কবর থেকে লাশ তুলে ‘বিক্রি’র দায়ে জেল
চীনে লাশ তুলে প্রথাগত ‘ভৌতিক বিয়ে’র জন্য কনে হিসেবে বিক্রির দায়ে চারজন ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়েছে।এই ভৌতিক বিয়ের রীতি অনুসারে, কোনো পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষ অবিবাহিত অবস্থায় মারা গেলে তাঁর লাশের সঙ্গে আরেকটি নারীর লাশ সমাহিত করা হয়। এই রীতি অনুসরণকারীদের বিশ্বাস, এভাবে সমাহিত করা হলে পরজীবনে তাঁরা স্বামী-স্ত্রী হয়ে থাকবেন।চীনের সমাজব্যবস্থায় বিয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ। সেখানে এই ভৌতিক বিয়ের রীতি ক্রমবর্ধমানভাবে বিলুপ্ত হচ্ছে। তার পরও দেশটির শাংসি প্রদেশ ও আশপাশের কিছু এলাকায় এটা এখনো চালু রয়েছে।স্থানীয় জিয়ান ইভিনিং নিউজ পত্রিকার খবরে জানানো হয়, সাধারণত মৃত পুরুষ ও নারীর পরিবারের মধ্যে সমঝোতার মাধ্যমে এভাবে দুজনকে সমাহিত করা হয়। তবে যে চারজন দণ্ডিত হয়েছে, তারা নারীর মৃতদেহ চুরি করা একটি চক্রের সদস্য। তারা লাশ চুরির পর তা পরিষ্কার করে চড়া দামে বিক্রি করে।বিষয়টি পরে শাংসি প্রদেশের একটি আদালতে গড়ায়। আদালত ওই চারজনকে দোষী সাব্যস্ত করে ২৮ থেকে ৩২ মাসের সাজা দেন। এএফপি