কবরস্থানে দুই মাস কাটাল পাঁচ শিশু

দুই মাস ধরে খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছিল পাঁচ নাবালক শিশু। জায়গাটি কবরস্থান। তাঁবুর পাশেই ওদের বাবা-মায়ের কবর। তাঁদের শোকে কাতর হয়ে ওরা কবরস্থানে আশ্রয় নেয়নি। ওরা এইডসের রোগী বলে সন্দেহে গ্রামবাসী তাড়িয়ে দিয়েছে।অমানবিক এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লক্ষৌ থেকে ১৬০ কিলোমিটার দূরে প্রতাপগড়ের একটি গ্রামে। গতকাল শুক্রবার পরীক্ষা-নিরীক্ষায় ওই শিশুদের শরীরে এইচআইভির ভাইরাস পাওয়া যায়নি। জানা গেছে, দুই মাস ধরে ওরা ওই কবরস্থানে একটি তাঁবুর নিচে বাস করছিল। গ্রামবাসী দয়া করে ওদের খাবার দিলেই ওরা খেতে পারত। দুই বছর আগে এই পাঁচ ভাইবোনের বাবা-মা এইডসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর কোনো আত্মীয়স্বজন তাদের সহায়তায় এগিয়ে আসেননি। এমনকি ২১ বছর বয়সী তাদের বড় ভাইও তাদের সমাজচ্যুত করে কবরস্থানে রাখার সম্মতি দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই পাঁচ শিশুর চাচা বলেন, তারা সবাই বাড়িতে থাকতে থাকতে এক সময় বড় হবে। তাদের শরীরে থাকা ভাইরাস অন্যদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে। ওই পাঁচ শিশুর প্রতিবেশী হজরত আলী বলেন, ‘আমাদের আশঙ্কা, তারা এই গ্রামে থাকলে আমরাও এইডসে আক্রান্ত হব। এ কারণে তাদের এই গ্রাম থেকে চলে যেতে বলা হয়েছে।’
এ ঘটনা জানার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ঘোষণা করেছেন, যাঁরা ওই পাঁচ শিশুকে আশ্রয় দেবেন, তাঁরা শিশুপ্রতি এক লাখ রুপি করে পাবেন। কিন্তু গ্রামবাসী তো দূরে থাক ওই শিশুদের কোনো আত্মীয়স্বজনও এই প্রস্তাবে সাড়া দেননি। পরে ওদের ঠাঁই হয়েছে দাদির বাড়িতে।
এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের বিদ্যাভূষণ বলেন, ওই পাঁচ শিশুকে ওদের দাদির বাড়িতে রেখে আসা হয়েছে। দুজনকে স্কুলে ভর্তি করা হয়েছে। আরেকজন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে কাজ করছে। তিনি বলেন, ‘এখন তাদের সামাজিকভাবে একঘরে করার বিষয়টির অবসান ঘটাতে হবে।’